প্রকল্প কাগজে অস্তিত্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় চলতি অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দ বাস্তবায়নে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানা গেছে। অধিকাংশ প্রকল্প কাগজে-কলমে থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।স্থানীয় আওয়ামী লীগের নেতারা ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দকৃত প্রায় আধা কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো প্রকল্পের টাকা নামেমাত্র প্রতিষ্ঠানে দিয়ে বাকি টাকা নেতারা হাতিয়ে নিয়েছেন।বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বিশেষ বরাদ্দ প্রকল্পের আওতায় গৌরনদীর সাতটি ইউনিয়নে ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৩৬টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় ৪৭ লাখ ৬০ হাজার টাকা। ৯ জুন ওই টাকা তুলে নেওয়া হয়।অনুসন্ধানে দেখা গেছে, চাদশী ইউনিয়নের বকুলতলা জামে মসজিদের সংস্কারের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ হয় (প্রকল্প নম্বর ৬১)। মসজিদ কমিটির সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন অভিযোগ করেন, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ নম্বর চাদশী ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মো. হিরণ শরীফ জনৈক মো. কামরুল ইসলামকে প্রকল্প চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রকল্প কমিটি দাখিল করেন। সেখানে যাঁদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, তা ভুয়া। ওই নামে বা ওই ছবির কোনো ব্যক্তি এ এলাকায় নেই। আওয়ামী লীগের নেতা হিরণ প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করেছেন। অভিযোগ অস্বীকার করে মো. হিরণ শরীফ বলেন, ‘আমি জড়িত নই। তবে মসজিদে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি।’চাদশী ইউনিয়নের উত্তর চাদশী জনকল্যাণ ক্লাবের উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা (প্রকল্প নম্বর ৫৫) তুলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন সোম আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুয়া নয়, আমার বাড়িতে এ ক্লাবের কার্যক্রম চলে।’ তবে তাঁর বাড়িতে গিয়ে এ সংগঠনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।চাদশী মোনাচ্ছেদ সরদারের বাড়ির মসজিদ উন্নয়নে ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় (প্রকল্প নম্বর ৬২)। মোনাচ্ছেদ জানান, তাঁর বাড়িতে কোনো মসজিদ নেই। তাঁকে প্রকল্প চেয়ারম্যান করা হলেও কে বা কারা তাঁর নামে টাকা তুলে আত্মসাৎ করেছে, তিনি কিছুই জানেন না।গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী সূর্য তরুণ সংঘ এবং আশোকাঠী সমাজ সেবা কার্যালয়ের নামে দুটি প্রকল্প দাখিল করে ৭০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এলাকাবাসী জানায়, এ নামে এলাকায় কোনো প্রতিষ্ঠান নেই। ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজ রহমান জানান, এ ওয়ার্ডে ওই দুটি সংগঠনের কোনো অস্তিত্ব নেই। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘যুবলীগের নেতা হারুন টাকা তুলে আত্মসাৎ করেছেন।’ হারুন অভিযোগ অস্বীকার করেছেন।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।