প্রকল্প জিম্মি করছে চীনা ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০০৬ সালে৷ এটি শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জানুয়ারি মাসে৷ নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজের সন্তোষজনক অগ্রগতি নেই৷ এখনো তা ধীরগতিতে চলছে৷  ছবিটি সীতাকুণ্ডের কালু শাহ এলাকা থেকে গতকাল বিকেলে তোলা । জুয়েল শীল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০০৬ সালে৷ এটি শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জানুয়ারি মাসে৷ নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজের সন্তোষজনক অগ্রগতি নেই৷ এখনো তা ধীরগতিতে চলছে৷ ছবিটি সীতাকুণ্ডের কালু শাহ এলাকা থেকে গতকাল বিকেলে তোলা । জুয়েল শীল

চীনা ঠিকাদাির প্রতিষ্ঠানের টালবাহানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আটকে গেছে৷ সময়মতো কাজ না করে প্রতিষ্ঠানটি কার্যত প্রকল্পটি জিম্মি করে রেখেছে৷ কাজ শেষ করতে তারা চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করছে৷ এমনকি পদ্মা সেতুর নদী শাসনের কাজ পাওয়ার শর্তও জুড়ে দিচ্ছে৷
চীনা এই ঠিকাদারের নাম সিনো হাইড্রো। বারবার তাগাদা দিয়েও তাদের কাজে গতি আনা যায়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয়েছে। তাতেও খুব একটা কাজ হয়নি।
চুক্তি অনুযায়ী, সড়কটি চার লেনে উন্নীত করার কাজ ২০১৩ সালের জানুয়ারিতে শেষ করার কথা ছিল। অথচ এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। নিয়মানুযায়ী, তাদের প্রাপ্য ছিল শাস্তি। সে কথাও হয়েছিল। কিন্তু কোনো শাস্তি না দেওয়ায় উল্টো প্রায় ৫১১ কোটি টাকা বাড়তি দাবি করে বসেছে প্রতিষ্ঠানটি।
বাড়তি অর্থ দিলে প্রকল্পের ব্যয় এক হাজার ৬৬৫ কোটি থেকে দুই হাজার ১৭৬ কোটি টাকায় ঠেকবে। প্রকল্প কর্মকর্তারা বলছেন, যেভাবে কাজ চলছে, তাতে শেষ হতে আরও অন্তত দেড় বছর লাগবে। এভাবে সময় বৃদ্ধির কারণে এই ব্যয় আরও বাড়তে পারে, সঙ্গে জনদুর্ভোগ তো রয়েছেই।
চার লেনের কাজের জন্য ২০১০ সালে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেয় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সিনো হাইড্রো বাস্তবায়ন করছে দুই-তৃতীয়াংশের বেশি কাজ। বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স লিমিটেড বাকি কাজ করছে। এর মধ্যে সিনো হাইড্রোর কাজের গতি সবচেয়ে কম, অগ্রগতি মাত্র ৩৩ শতাংশ। এর পরও তারা দুই দফায় বাড়তি টাকা দাবি করে বসে আছে।
গত এক বছরে যোগাযোগমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত, ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের নিয়ে চার দফা বহুপক্ষীয় বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরেও এই প্রকল্প নিয়ে চীনা ঠিকাদারের সঙ্গে সালিস বৈঠক হয়েছে। এখন পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে সিনো হাইড্রো। ঠিকাদারি প্রতিষ্ঠানটি পদ্মার কাজ পেলে চার লেনের কাজ এগিয়ে নেবে— যোগাযোগ মন্ত্রণালয়কে এমন অনানুষ্ঠানিক শর্তও দিয়েছে বলে জানা গেছে।
সড়ক যোগাযোগ বিষয়ে বিশ্বব্যাংকের একজন সাবেক কর্মকর্তা জানান, দেখে মনে হচ্ছে, চীনা প্রতিষ্ঠানটি চার লেনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটি জিম্মি করে নানা সুযোগ-সুবিধা নিতে চাচ্ছে৷ এমনটি সচরাচর দেখা যায় না৷ পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চীনা প্রতিষ্ঠানটি কাজ পেতে প্রথমে কম দর দিয়েছিল৷ কাজটি পাওয়ার পর তারা নানা টালবাহানা করে এখন বাড়তি অর্থ আদায় করে নিচ্ছে৷ এটি একটি কৌশল৷ ফলে বিষয়টি নিয়ে পুরো রাষ্ট্রকে সংশ্লিষ্ট হতে হয়েছে, যাতে কাজটি শেষ হয়৷
মূলত ব্যবসায়ীদের দাবির মুখেই সড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে৷ কিন্তু কাজটির বিলম্ব নিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, মহাসড়ক ঠিক না থাকায় পাঁচ ঘণ্টার যাত্রা ১৮ ঘণ্টা পর্যন্ত লাগে। এর ফলে মাঝেমধ্যেই পণ্য বিমানে পাঠাতে হয়। গত বছর হরতাল-অবরোধ ও সড়কের সমস্যার কারণে জাহাজ না পেয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা বাড়তি খরচ হয়েছে। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ দ্রুত শেষ করার বিকল্প নেই।
শহিদউল্লাহ আজিম আরও বলেন, ২০২০ সালের মধ্যে ৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে অবকাঠামো না হলে তা সম্ভব হবে না। আর এভাবে উড়োজাহাজে মালামাল পাঠিয়ে খরচ বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়িয়ে লাভও নেই।
২০০৬ সালে চার লেন প্রকল্প হাতে নেয় সওজ। দুর্নীতির অভিযোগে দুই দফা দরপত্র কার্যক্রম বাতিল হয়। প্রকল্পটির কাজ ১০ ভাগে (প্যাকেজে) ভাগ করা হয়। এর মধ্যে সিনো হাইড্রো প্রায় এক হাজার ১৫১ কোটি টাকায় সাত প্যাকেজের কাজ পায়। বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন দুটি এবং তাহের ব্রাদার্স লিমিটেড একটি প্যাকেজের কাজ পায়। বাংলাদেিশ দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় প্রায় ৫১৫ কোটি টাকায়। সব মিলিয়ে ব্যয় এক হাজার ৬৬৫ কোটি টাকা। চুক্তির পরই ১৬৫ কোটি টাকা অগ্রিম নেয় ঠিকাদারেরা।
জানতে চাইলে প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান প্রথম আলোকে বলেন, বেশ কিছু কারণে প্রকল্পের কাজ দেরি হয়েছে। দ্রুত শেষ করতে যোগাযোগ মন্ত্রণালয়, চীন সরকার ও ঠিকাদার—সবাই মিলে কাজ করছে। ঠিকাদারদের পক্ষ থেকে বাড়তি টাকা দাবি করার বিষয়ে তিনি বলেন, ‘এটা সমাধানের আন্তর্জাতিক প্রতিষ্ঠিত কিছু রীতি আছে। আমরা সবদিক বিবেচনা করছি।’ পদ্মার কাজ পেলে চার লেনের কাজ করবে—সিনো হাইড্রোর এমন শর্তের বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই।’
পদ্মা সেতুর সঙ্গে সম্পর্ক: যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুরু থেকেই নানা অজুহাতে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের কাজ চলছে ধীরগতিতে৷ ছবিটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে গতকাল বিকেলে তোলা । এম এ সাদেক
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের কাজ চলছে ধীরগতিতে৷ ছবিটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে গতকাল বিকেলে তোলা । এম এ সাদেক

ধীরগতিতে কাজ করেছে সিনো হাইড্রো। এর মধ্যে গত বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাস কাজ একেবারেই বন্ধ রাখে তারা।
এরই মধ্যে চলছিল পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের দরপত্র বাছাইয়ের কাজ। এ কাজে আগেই প্রাক্যোগ্য ছিল সিনো হাইড্রোসহ জাপান, কোরিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডসের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিশ্বব্যাংক দুর্নীতির সন্দেহ করলে দরপত্র কার্যক্রম আটকে যায়। এরপর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে আবারও দরপত্র কার্যক্রম শুরু হয়। জাপানের প্রতিষ্ঠানটি কারিগরি মূল্যায়নে বাদ পড়লে টিকে আছে চারটি প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার নদী শাসনের দরপত্রের চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু সেটা বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে। সূত্র জানিয়েছে, পদ্মা সেতুতে নদী শাসনের কাজ পেলে বাড়তি যে ৫১১ কোটি টাকা চেয়েছে, তা না পেলেও কাজটি সম্পন্ন করে দেবে—অনানুষ্ঠানিকভাবে এমন মনোভাবই প্রকাশ করেছে সিনো হাইড্রো। পদ্মা সেতুর মূল কাজ পেয়েছে চীনেরই আরেক প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, সময়মতো কাজ শেষ না করার দায়ে সিনো হাইড্রোকে জরিমানা, এমনকি প্রকল্পের কাজ থেকে বরখাস্ত করার পক্ষে ছিল মন্ত্রণালয়। অনানুষ্ঠানিকভাবে তাদের এ কথা জানানো হয়েছিল। কিন্তু একবার বহিষ্কার করলে পদ্মার দরপত্রে অংশ নিতে পারবে না—এমন পরিস্থিতিতে সিনো হাইড্রোর কর্মকর্তারা তদবির শুরু করেন।
পদ্মা সেতু প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সেতু বিভাগ। জানতে চাইলে ওই বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নদী শাসনের দরপত্র তো চূড়ান্তই হয়নি। আর এমন শর্তের কথা জানা নেই।’
কী করতে হবে, কী হয়েছে: প্রকল্প কর্মকর্তারা প্রতি মাসের অগ্রগতির প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদন অনুসারে, গত এপ্রিল পর্যন্ত প্রকল্পের মোট কাজ হয়েছে ৪৪ দশমিক ৪৫ শতাংশ। সিনো হাইড্রো তার কাজের মাত্র ৩৩ শতাংশ শেষ করেছে। আর রেজা কনস্ট্রাকশন করেছে তাদের অংশের প্রায় ৭৬ শতাংশ এবং তাহের ব্রাদার্স প্রায় ৯০ শতাংশ শেষ করে ফেলেছে।
প্রকল্পের অধীনে ১৯২ কিলোমিটার নতুন পথ ছাড়াও ২৪৪টি কালভার্ট করার কথা। এ পর্যন্ত ২৩৫টি কালভার্ট নির্মিত হয়েছে। তা ছাড়া ছোট-বড় ২৭টি সেতু, তিনটি ওভারপাস ও ৩৩টি ফুটওভারব্রিজ করার কথা।
চার লেন হলে বাংলাদেশের ‘লাইফ লাইন’ খ্যাত এই মহাসড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন হবে এবং যানজট কমে যাবে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সারা দেশের সংযোগকারী এই সড়কে দৈনিক গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে।
জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, একমাত্র চীনা কোম্পানিটির কাজ আশানুরূপ গতিতে এগোয়নি। তাই প্রকল্পের কাজ একটু দেরি হচ্ছে। তবে এখন বহুপক্ষীয় বৈঠক করার পর কাজে গতি এসেছে। ঠিকাদারের আর্থিক অসংগতির কারণে প্রকল্পের কাজ দেরি হয়েছে, এ জন্য তো শাস্তি হওয়া উচিত। অথচ তারা বাড়তি অর্থ দাবি করছে—এই বিষয়ে সচিব বলেন, ‘আমরা তাদের এটা বলেছি। আসলে কাজ তুলে আনাই আমাদের মূল লক্ষ্য। আর তাদের বাড়তি অর্থ চাওয়ার বিষয়টি আমরা চুক্তি অনুযায়ী পরীক্ষা করছি।’
কাজে পিছিয়ে, দর-কষাকষিতে এগিয়ে: সিনো হাইড্রো কাজ শেষ না করে ২০১১ সালে কাজের মেয়াদ ১১ মাস বাড়াতে আবেদন করে। যোগাযোগ মন্ত্রণালয় বাড়তি সময়ের অনুমোদন দিলে এ জন্য গত বছরের এপ্রিলে বাড়তি ২৯১ কোটি টাকা দাবি করে সিনো হাইড্রো। এরপর অক্টোবরে আরেক দফা চিঠি দিয়ে আরও ২২০ কোটি টাকা বাড়তি দাবি করে তারা।
পদ্মা সেতুর কাজ পেলে চার লেনের কাজ করবে—সিনো হাইড্রোর এমন অনানুষ্ঠানিক শর্তের বিষয়ে জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, এ ধরনের কোনো শর্ত কেউ দেয়নি। এটা দেওয়ার সুযোগও নেই।
এ বিষয়ে জানার জন্য সিনো হাইড্রোর বাণিজ্যিক ব্যবস্থাপক হে ফ্যাং শো-এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ধরেননি। সিনো হাইড্রোর হয়ে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন সওজেরই সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী খোরশেদ আলম। তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে সিনো হাইড্রোর যোগাযোগ আছে। তবে আমি ওদের লোক না। তাই কিছু বলতে পারব না।’