নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালী করা সংক্রান্ত প্রকল্পের (এসইএমবি) টাকা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। গতকাল বৃহস্পতিবার ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১২ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ২০১৬ সালের ৩১ মার্চ।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে ১৪১ কোটি টাকার এই প্রকল্পের ৭০ শতাংশ টাকা ছাড় করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্যামেরা, স্ক্যানার ও ল্যাপটপসহ অন্যান্য যন্ত্রপাতিও এই প্রকল্পের টাকায় কেনা হয়েছিল। ৫ জানুয়ারির সংসদ নির্বাচন এবং এরপর উপজেলা নির্বাচনের পর এই প্রকল্পে আর কোনো টাকা ছাড় করা হয়নি।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের মাধ্যমে কারিগরি সহায়তা নেওয়া হয়। কিন্তু গত এক বছরে কারিগরি সহায়তার প্রয়োজন হয়নি। তাই কমিশন থেকেই ইউএনডিপিকে প্রকল্পটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল।