প্রকল্প নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা দূর করতে বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) প্রকল্প বাস্তবায়নে বিল এলাকার মানুষের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের দুটি মতবিনিময় সভা হয়েছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। সে অনুযায়ী কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে পাউবোকে প্রকল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় মতবিনিময় সভাগুলো হচ্ছে।
পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, ‘দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও একটি হবে। বিল কপালিয়া এলাকার মানুষ যেসব দাবি করেছে, আমরা তার সব মেনে নিয়েছি। কিন্তু তাঁদের কথার সারমর্ম হচ্ছে “টিআরএম চাই, তবে অন্য কোনো বিলে”, এই অবস্থায় বিলটিতে জোয়ারাধার চালুর ব্যাপারে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না।’
পাউবো যশোরের সূত্র জানায়, স্থানীয়দের বাধার মুখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর জন্য আবেদন জানায় পাউবো। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১৫ মে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডকে (বিডিপিএল) জোয়ারাধার নির্মাণের জন্য কার্যাদেশ দেয় পাউবো।
এরপর পাউবোর উদ্যোগে গত বুধবার জেলা ও উপজেলা প্রশাসন এবং পাউবোর কর্মকর্তারা অভয়নগরের কালিশাকুল ও ভবানীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভবদহ জলকপাটসংলগ্ন (স্লুইসগেট)শ্রী নদীর অবস্থা ঘুরে দেখেন। এরপর তাঁরা ভবদহ কলেজে স্থানীয় লোকজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন। যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এ সময় দামুখালী গ্রামের প্রকাশ চন্দ্র হালদার বলেন, ‘পলি জমে নদী দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। বর্ষার অগেই টিআরএম চালু করা না হলে পুরো এলাকা তলিয়ে যাবে।’
চেয়ারম্যান নাজমুস সাদাত বলেন, ‘জনগণকে নিয়ে আমাদের চলতে হয়। তাঁদের মতামতের গুরুত্ব দিতে হয়।’ তিনি প্রস্তাব করেন, ‘বিল কপালিয়ায় টিআরএম করতে আমাদের আপত্তি নেই। তবে টিআরএম নির্মাণকাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। তা ছাড়া বালিধা ও পাঁচাকড়ি গ্রামের পাশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করলে ভালো হবে। এতে টিআরএমের পরিধিও বাড়বে। বিলের অবশিষ্ট অংশ আর জলাবদ্ধ হবে না।’
এরপর বৃহস্পতিবার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (প্রথম পর্যায়) প্রকল্প ও ভবদহ এবং সংলগ্ন এলাকার বিলের জলাবদ্ধতা দূরীকরণে মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত কয়েকজন বলেন, ভুক্তভোগীদের কেউ কেউ বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। তবে অনেকেই কৌশলে এর বিরোধিতা করেছেন। তাঁরা বলেন, পাউবো যেভাবে পেরিফেরিয়াল বাঁধ দেওয়ার প্রস্তাব করেছে তাতে বিলের মোট জমির ৫০ শতাংশ জোয়ারাধারের বাইরে থাকবে। এতে ওপরের অংশের সাতটি গ্রাম জলাবদ্ধতার শিকার হবে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রথম আলোকে বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে টিআরএমের কোনো বিকল্প নেই। বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নের সুযোগ এসেছে। জেলা প্রশাসন এবং পাউবোকে এ বিষয়ে এখন দ্রুত কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া প্রকল্পের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া, এলাকার গরিব মানুষদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সহজে তাঁদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।