প্রকল্প নিয়ে গাংনী আ.লীগে উত্তেজনা
মেহেরপুরের গাংনীতে প্রকল্পের ছাড়পত্র (ডিও লেটার) ইস্যু নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাংনীতে আওয়ামী লীগের একাংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা কমিটির সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক আবদুল খালেক। অপর অংশের নেতৃত্বে আছেন সাবেক সাংসদ মকবুল হোসেন ও পৌর মেয়র আহম্মদ আলী। গাংনী থানার ওসি সগীর মিয়া জানান, এই উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব ও সংঘর্ষ ঠেকাতে পুলিশকে বেশি ব্যস্ত থাকতে হয়। এই উত্তেজনা তাঁদের কাছে নতুন একটি ইস্যু হয়ে দাঁড়াল।উপজেলা পিআইও কার্যালয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাংসদ বেগম নূরজাহানের নামে সম্প্রতি টেস্ট রিলিফের (টিআর) আওতায় ৭৫ টন খাদ্যশস্য বরাদ্দ আসে। দলের দুই পক্ষই প্রকল্প তৈরি করে সাংসদের কাছে পাঠায়। কিন্তু সাংসদ খালেক পক্ষের ৩৮টি প্রকল্প অনুমোদন দেন। ১৪ মার্চ প্রকল্পের অনুকূলে ডিও লেটার ইস্যুর প্রস্তুতি নিলে মকবুল পক্ষ পিআইওর কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের হুমকি দেয় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছুড়ে মারে ও চেয়ার-টেবিলে লাথি মারে।গাংনী পৌর মেয়র আহম্মদ আলী বলেন, মহিলা সাংসদের পাঠানো অধিকাংশ প্রকল্পই ভুয়া। তাই ডিও লেটার ইস্যুতে তাঁরা বাধা সৃষ্টি করেছেন। সাবেক সাংসদ মকবুল হোসেন বলেন, ভুয়া প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন সাংসদ। তাই দলের ভাবমূর্তি রক্ষায় তাঁরা এ কাজে বাধা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, মকবুল ও আহম্মদের ক্যাডাররা হাট ঘাট মাঠের পর এখন সরকারি অফিস দখল করতে চায়। প্রকল্প ভুয়া কি না, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট বিভাগ। ডিও লেটার নিয়ে একটু উত্তেজনা হয়েছে। এটা এমন কিছু না বলে মুঠোফোন রেখে দেন মহিলা সাংসদ বেগম নূরজাহান।