প্রকল্প নিয়ে শেষ করার সময় মাত্র তিন দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের শেষ তিন দিনে ৩০০ সাংসদকে ভাগ করার ক্ষমতা দিয়ে টেস্ট রিলিফের (টিআর) অধীনে ৩০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭ জুন এ বিষয়ে আদেশ জারি করেছে।আদেশে বলা হয়েছে, ২৭ থেকে ৩০ জুনের মধ্যে এসব খাদ্যশস্য উত্তোলন ও কাজ শেষ করতে হবে। তবে মাত্র তিন দিনে প্রকল্প গ্রহণ, অনুমোদনপ্রক্রিয়া ও কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।৩০০ সংসদীয় আসনের প্রতিটির জন্য ১০০ মেট্রিক টন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সংরক্ষিত আসনের নারী সাংসদদের বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ করা এসব খাদ্যশস্য শুধুমাত্র ধর্মীয়, শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মেরামত ও উন্নয়নকাজে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগে সাধারণভাবে রাস্তাঘাটের ছোটখাটো সংস্কারও টেস্ট রিলিফের অধীনে করা যেত।প্রকল্প গ্রহণ, অনুমোদন, খাদ্য উত্তোলন ও কাজ সম্পন্ন করার জন্য তিন দিন সময়ের বিষয়ে জানতে চাইলে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আসলাম আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, প্রকল্প গ্রহণে বিলম্ব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে দেখা গেছে, নানা কারণে প্রকল্প গ্রহণ করতে না পারায় খাদ্যশস্যের ব্যবহার নিশ্চিত করা যায়নি। এ জন্য কম সময় বেঁধে দেওয়া হয়েছে, যাতে প্রকল্প দ্রুত নিয়ে কাজ শুরু করা যায়। তিনি বলেন, প্রয়োজনে কাজ শেষ করতে কিছু সময় বাড়িয়ে দেওয়া হতে পারে।জানা যায়, নীতিমালা অনুযায়ী এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে তালিকা নেওয়া হয়। ওই তালিকায় উপজেলা পরিষদের অনুমোদন নিয়ে প্রকল্প চূড়ান্ত করা হয়। কিন্তু দেখা গেছে, সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব থাকলে অনেক ক্ষেত্রে প্রকল্প চূড়ান্ত করা সম্ভব হয় না বা চূড়ান্ত হলেও বিলম্বিত হয়। আবার কখনো কখনো কোনো ইউপি চেয়ারম্যান সরকারি দলের সমর্থক না হলে তাঁর তালিকা গ্রহণ করা হয় না। এ ক্ষেত্রে যে তালিকা করা হয়, তা ইউপি চেয়ারম্যান অনুমোদন করেন না। তাই এ নিয়ে জটিলতা তৈরি হয়। এসব সমস্যা সমন্বয় করে এবার তিন দিনে কীভাবে প্রকল্পের কাজ সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সচিব এম হাফিজ উদ্দিন খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, অর্থবছরের শেষ সময় বরাদ্দ দেওয়াই উচিত নয়। কারণ এর বেশির ভাগ অপচয় বা লুটপাটের সুযোগ থাকে। কাজের মানও ভালো হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, কয়েক বছর ধরে এই সংস্কৃতি চালু হয়েছে। সারা বছর কাজ না করে শেষে বরাদ্দ দিয়ে তড়িঘড়ি কাজের নামে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়। এটি কাম্য নয়।