প্রকল্প নিয়ে সাংসদ-চেয়ারম্যান দ্বৈরথ
একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে রংপুরের তারাগঞ্জে জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রকল্পের সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত করা নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। সাংসদের সমর্থকেরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রামকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। প্রকল্পে প্রাথমিকভাবে ১২০টি পরিবার বাছাই করা হবে। এর মধ্য থেকে ৬০টি পরিবার এ প্রকল্পের সুবিধা পাবে।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরেলা আক্তার বলেন, উপজেলা যাচাই-বাছাই কমিটি ৬০ জনকে বাছাই করেছে। কিন্তু নানা জটিলতার কারণে ৬০ জনের তালিকা এখনো করা সম্ভব হয়নি।উপজেলা সমন্বয় কমিটির সদস্য আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গত ৩০ আগস্ট উপজেলা পরিষদের হলরুমে সমন্বয় কমিটির সভা চলছিল। এ সময় স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, অন্য উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কী কারণে তারাগঞ্জে হচ্ছে না! শোনা যাচ্ছে, দালালের মাধ্যমে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এলাকায় ঘুরে ঘুরে সুবিধাভোগীদের নতুন তালিকা করছেন। এ কথা বলার পর সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। চেয়ারম্যান সাংসদকে এবং সাংসদ চেয়ারম্যানকে ‘বাজে লোক’ বললে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুজন লোক চেয়ারম্যানকে লাঞ্ছিত করলে ওই দিন চেয়ারম্যান সভাস্থল ত্যাগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী অভিযোগ করেন, ‘সাংসদ তাঁর আত্মীয়স্বজনদের তারাগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানিয়েছেন। এ কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। সমন্বয় কমিটির সভায় তিনি আমাকে আজেবাজে কথা বলে হেয় করেছেন। এর প্রতিবাদ করায় তাঁর সমর্থকেরা আমাকে লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘চেয়ারম্যান নিজের অনিয়ম ঢাকতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করেছেন। এক মাস আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা হয়েছে। কিন্তু চেয়ারম্যান এ তালিকা অনুমোদন না করে আরেকটি কমিটি করে এলাকায় ঘুরে ঘুরে যাচাই-বাছাইয়ের নামে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নিচ্ছেন।’ সাংসদ দাবি করেন, ‘চেয়ারম্যানকে আমার কোনো লোক লাঞ্ছিত করেনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, ‘সমন্বয় কমিটির সভার শেষপর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা ওঠে। এ নিয়ে সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।’