ম ৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও অনুমোদনে নয়টি সমস্যা চিহ্নিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এর মধ্যে জনবল, প্রকল্প পরিচালক ও ঠিকাদার-সংক্রান্ত সমস্যা অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব কথা বলা হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিটি এই মত দিয়েছে বলে জানা গেছে। তবে এই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার কথা থাকলেও তা হয়নি বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।সভায় উপস্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা (ডিপিপি) সম্ভাব্যতা সমীক্ষা ও মাঠপর্যায়ের চাহিদা অনুযায়ী প্রণীত হয়নি অর্থ বিভাগের জনবল নির্ধারণী সভা সময়মতো হয়নি এবং চাহিদা অনুযায়ী জনবল দেওয়া হয়নি। এ ছাড়া দরপত্র-সংক্রান্ত সমস্যায় বলা হয়েছে, প্রকল্পের দরপত্র আহ্বান ও প্রক্রিয়াকরণে বেশি সময় নেওয়া এবং বাজারদর ওঠা-নামা করায় ঠিকাদারের কাজে অনীহা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।সভায় পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী শহর রক্ষা বাঁধ নির্মাণের সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের অন্যান্য নদীর তীরবর্তী এলাকায়ও একই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় উন্নয়ন প্রকল্পের টাকা ফেরত যাওয়ার প্রবণতা বন্ধ করতে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাছ খান ও হামিদা বানু শোভা অংশ নেন। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।