প্রকল্প বন্ধ না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনকে বনের মতো থাকতে দেওয়ার মধ্যেই রয়েছে বনের আসল সুরক্ষা। প্রাকৃতিকভাবে সৃষ্ট বনের বেড়ে ওঠায় চাই শুধু নজরদারি। তাই রাতারগুলের জলার বনে অবকাঠামো নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করে এর সুরক্ষায় বন বিভাগকে উদ্যোগী হতে হবে। তা না হলে এই বিভাগের প্রকল্পবাজি বন্ধ করতে সিলেটের পরিবেশসচেতন মানুষকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।
সিলেটের রাতারগুলে বন বিভাগের জাতীয় উদ্যান পরিকল্পনায় পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণ বন্ধ করে বন সুরক্ষার দাবিতে মানববন্ধনে একাত্ম হওয়া লোকজন এ আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুলকে ১৯৭৩ সালে বাংলাদেশের সংরক্ষিত সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট) হিসেবে ঘোষণা করে বন বিভাগ। নদী ও হাওড়বেষ্টিত এলাকাটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিতি হয়ে উঠলে বন বিভাগ প্রস্তাবিত জাতীয় উদ্যানের পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ পরিকল্পনা শুরু করে। সংরক্ষিত বন এলাকায় অবকাঠামোগত স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এ পরিকল্পনা বাস্তবায়নে আপত্তি তোলে। এ অবস্থায় বন বিভাগ সম্প্রতি জাতীয় উদ্যান পরিকল্পনা বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।
‘বনকে বনের মতো থাকতে দাও’—এ আহ্বানসংবলিত ব্যানারে মানববন্ধনে একাত্ম হন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। রাতারগুল বন রক্ষায় বন বিভাগের প্রকল্প বন্ধের দাবিতে কাল রোববার রাতারগুল সংরক্ষণ কমিটি সিলেট বিভাগীয় বন কর্মকর্তাকে স্মার*কলিপি দেবে।