প্রকল্প বাস্তবায়নের গতি আর ব্যয়ের সামর্থ্য বৃদ্ধি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকিহিকো তানাকা
আকিহিকো তানাকা

অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূর করার ক্ষেত্রে জাপানের সহযোগিতা কাজে লাগানোয় বাংলাদেশের সাফল্য বাড়ছে। তবে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দূর করা এবং প্রকল্পের বিপুল অর্থ ব্যয়ের ব্যাপারে সামর্থ্য বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া নমনীয় করার ওপর জোর দেওয়া উচিত৷
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা গত সোমবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিমত দেন৷ রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশে সফলতার বিষয়টি উল্লেখ করেন জাইকার প্রেসিডেন্ট। পাশাপাশি কিছু ক্ষেত্রে উন্নতিরও পরামর্শ দেন তিনি।
১৪ জুন চার দিনের সফরে বাংলাদেশে আসেন আকিহিকো তানাকা। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর বৈঠকের পর পাঁচটি প্রকল্পের জন্য নয় হাজার কোটি টাকার ঋণচুক্তি সই হয়। ৩৫তম সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় এ অর্থ দিচ্ছে বাংলাদেশের শীর্ষ দাতা দেশটি৷ আকিহিকো তানাকা বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্পও পরিদর্শন করেন৷
বাংলাদেশ সফরের প্রতিপাদ্য জানতে চাইলে তানাকা বলেন, চার দশক ধরেই জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে এ দেশের অবস্থান তৃতীয়। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ। এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার এ চিত্রটা নিজের চোখে দেখতেই তিনি বাংলাদেশ সফর করেন।
টোকিও সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বৃহৎ প্রকল্পে জাপানের অর্থায়নের অনুরোধ জানান, তানাকার সফরে এ নিয়ে কোনো অগ্রগতি হয়েছে িক না জানতে চাইলে তিনি বলেন, এসব প্রকল্প নিয়ে এবার আলোচনা হয়নি। এ ধরনের প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বছর খানেক সময় লাগে।
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতায় জাইকা সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের উত্তরে সংস্থার প্রেসিডেন্ট বলেন, ২০০৮ সালে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছিল জাইকা। ২০১৩ সালে তা উঠেছে ৪০০ মিলিয়নে৷ এতে দুই পক্ষের সহযোগিতা জোরদারের পাশাপাশি বিপুল অর্থের প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। আরও ভালো করার অবকাশ রয়েছে।
কোথায় উন্নতি করা প্রয়োজন জানতে চাইলে আকিহিকো তানাকা প্রকল্প বাস্তবায়নের গতি ও প্রক্রিয়াগত নমনীয়তার ওপর জোর দেন৷ তিনি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ সব দেশের আইন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বকীয়তা থাকার কথা স্বীকার করেও তিনি বলেন, বাংলাদেশে অর্থের বিষয়টিকে বিবেচনায় রেখে প্রকল্প বাস্তবায়নের সময় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যুক্ত থাকেন। কাজেই আইনগত বিষয়গুলোর পাশাপাশি প্রক্রিয়াগত বিষয়গুলো নমনীয় করা না হলে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ার ঝঁুকি বাড়ে।