প্রকল্প বাস্তবায়ন ছাড়াই টাকা তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার মেয়র, সচিব ও প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে। ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ আগস্ট নয়টি চেকের মাধ্যমে চার লাখ ২৫ হাজার ২৫০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে।পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পৌরসভায় ছয়টি গভীর নলকূপ ও দুটি সেতুর সংযোগস্থলে মাটি ভরাট ও একটি কাঁচা সড়ক বালু দিয়ে ভরাট করার প্রকল্প কাগজে-কলমে নেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশিদা গনি, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর তানিয়া জাহিদ এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মতিনের নামে কাগজপত্র প্রস্তুত করা হয়।কিন্তু প্রকল্প সম্পর্কে তাঁরা কিছুই জানেন না, প্রকল্পগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নও করা হয়নি। ৫ আগস্ট তাঁদের নামে চেক ইস্যু করা হয়। ওই দিনই জনতা ব্যাংক ভেদরগঞ্জ শাখায় পৌরসভার হিসাব নম্বর থেকে নয়টি চেকের চার লাখ ২৫ হাজার ২৫০ টাকা উত্তোলন করে নেওয়া হয়। ১১ আগস্ট পৌরসভার কাউন্সিলররা ঘটনাটি জানতে পেরে মৌখিকভাবে মেয়র আবদুল মান্নান হাওলাদারের কাছে জানতে চান। মেয়র বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তাঁরা। ওই দিন থেকেই পৌরসভার সচিব আবু হেনা রাশেদ ইকবাল, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান পৌর কার্যালয়ে অনুপস্থিত আছেন।মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। খুদে বার্তা দিয়েও তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। কাউন্সিলর আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের নামে চেক ইস্যু করে মেয়র তাঁর লোকজন দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন। কিসের টাকা, কেন উত্তোলন করেছেন, কিছুই আমরা জানি না। আমাদের মাধ্যমে পৌরসভায় সম্প্রতি কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি।’কাউন্সিলর তানিয়া জাহিদ বলেন, ‘ভুয়া প্রকল্প দেখিয়ে আমার নামে তিনটি চেক ইস্যু করা হয়েছে। প্রকল্পগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। প্রতিটি চেকে ৪৭ হাজার ২৫০ টাকা উত্তোলন করা হয়েছে। মেয়র বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।’ কাউন্সিলর রাশিদা গনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর নামে দুটি চেকের মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি তিনি স্বীকার করেছেন।মেয়র আবদুল মান্নান হাওলাদার বলেন, পৌরসভার টাকা উত্তোলন নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে। প্রকল্পগুলোও বাস্তবায়ন করা হবে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।