ফকিন্নি নদীতে অসময়ে পানি আসায় রাজশাহীর বাগমারায় মৎস্য অধিদপ্তরের নেওয়া প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্প উদ্বোধনের পরের দিন পানি আসায় সৃষ্টি হয়েছে এ সংশয়। এতে প্রকল্পের ১০ লাখ টাকা ফেরত যাবে। তবে অসময়ে পানি পেয়ে কৃষকেরা খুশি। কারণ, বোরো খেতে পানিসংকটের সমস্যা কেটে যাবে।ফকিন্নি নদীতে ৭ এপ্রিল ভোর থেকে আকস্মিকভাবে পানি বাড়তে থাকে। দেড় মাস আগে পুরো নদী শুকিয়ে যায়। এতে বন্ধ হয় দুই শতাধিক সেচপাম্প। গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফকিন্নি নদীর পরিষ্কার পানিতে লোকজন গোসল করছে। এলাকাবাসী জানান, নওগাঁর মান্দার জোতবাজার অংশের আত্রাই নদী থেকে ফকিন্নি নদী দিয়ে বারানই নদীতেও পানি ঢুকছে।রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, ভারত থেকে অতিরিক্ত বৃষ্টির পানি এসে ঢুকছে। তবে এ পানি বেশি দিন স্থায়ী হবে না বলে তিনি জানান।এদিকে গত বুধবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জে ফকিন্নি নদীতে ১০ লাখ টাকা ব্যয়ে ‘চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়নে নির্মিত পুনঃখনন’ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এ প্রকল্পের উদ্বোধন করেন। এর খননকাজ শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। প্রকল্পের ৩২৬ জন মৎস্যজীবী সুফলভোগী সদস্যের টাকার বিনিময়ে এর বাস্তবায়ন করার কথা।উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আকস্মিকভাবে নদীতে পানি আসায় প্রকল্প বাস্তবায়নে সংশয় দেখা দিয়েছে। আগামী মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে পুরো টাকা ফেরত যাবে। উপজেলা কৃষি প্রকৌশলী শিবানী নাথ জানান, নদীর পানি চাষাবাদের উপযোগী। এতে জমির উর্বরতা শক্তি বাড়ে। নদীতে পানি আসায় চাষিরা সহজে সেচ দিতে পারবেন।