প্রকল্প বাস্তবায়নে পদে পদে অনিয়ম, আইন লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী ২০০২ সালের ১৯ এপ্রিল লাগিয়েছেন একটি ক্ষীরশাপাতি জাতের আমগাছ। একই বছরের ৬ জুলাই তত্কালীন কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্পের উদ্বোধন করেন। ২০০৩ সালের ৫ জুন আম্রপালি জাতের আরেকটি গাছ লাগিয়েছেন তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।জায়গাটি হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা মৌজা। ‘ইকোপার্ক ও সরমংলা খাল পুনঃখনন’ নামের এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও ভূমি মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে, ভূমি অধিগ্রহণ ছাড়াই ইকোপার্ক ও খাল খনন করা হয়েছে। প্রচলিত আইনও লঙ্ঘন করা হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, জোট সরকারের মন্ত্রী আমিনুল হক ও তাঁর ভাই বিএমডিএর তাত্কালীন নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রভাব খাটিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন। প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে ও কৃষকদের যে ক্ষতি হয়েছে, সেই তুলনায় উপকার হয়েছে সামান্যই। বিএমডিএ কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা হলেও প্রকল্পটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। কৃষি মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদিত হয়নি। তাদের দাবি, এটি লোকদেখানো প্রকল্প। বাইরের কেউ এলেই এখানে বেড়াতে নিয়ে আসা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৬ মার্চ বিএমডিএ এই খাল খনন শুরু করে। সে সময় অনেক বর্গাচাষি ও কৃষক প্রতিবাদ করলে তাঁদের পুলিশি নির্যাতনের ভয় দেখানো হয়। ১৭-১৮ জন ক্ষতিগ্রস্ত কৃষক কৃষি মন্ত্রণালয়ে অভিযোগও করেন। উপজেলার হাটপাড়ার কৃষক ফজলুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। উপজেলার কুঠিপাড়া গ্রামের বেগম লুত্ফুন্নেসা এক একর ৯০ শতাংশ জমি নিজের দাবি করে ওই বছরের ১৯ মার্চ বিএমডিএর চেয়ারম্যান বরাবর আবেদন করেন। পরের বছর তিনি হাইকোর্টে রিট করেন। ২০০৮ সালের ২০ আগস্ট হাইকোর্ট লুত্ফুন্নেসার পক্ষে রায় দেন। গত বছরের ১৪ ডিসেম্বর এই মর্মে বিএমডিএকে উকিল নোটিশ পাঠানো হয়।এদিকে ভূমি মন্ত্রণালয় প্রকল্পটির বৈধতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়। গোদাগড়ি উপজেলার তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) মো. সারওয়ার জাহান ২০০৭ সালের ২০ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রতিবেদনে এক একর ৯০ শতাংশ জায়গা ব্যক্তিমালিকানাধীন থাকার বিষয়টি উল্লেখ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পদক্ষেপটি প্রচলিত আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।২০০৮ সালের ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. সামসুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো একটি প্রতিবেদনে উল্লেখ করেন, বিএমডিএ ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না করে ইকোপার্ক ও সেচপ্রকল্প স্থাপন করে আইনের পরিপন্থী কাজ করেছে এবং জমির মালিকদের ক্ষতি করেছে। প্রতিবেদনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।বিএমডিএর নির্বাহী পরিচালক এস এম আবদুল মান্নান বলেন, তখন যাঁরা এই প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তাঁরা ওই জমিকে খাস হিসেবে ধরে খাল খনন করেছিলেন। সেই জন্য অধিগ্রহণ করার আর প্রয়োজন পড়েনি। তিনি উকিল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আলোচনা চলছে। বিষয়টি মিটমাট হয়ে যাবে। এ ব্যাপারে চেষ্টা করেও সাবেক মন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।