
প্রতি অর্থবছরেই কৃষি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে তা যথাসময়ে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।
গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণকালে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী স্বাগত বক্তব্য দেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কৃষিবিজ্ঞানীদের উদ্দীপনা ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার ব্যবস্থা করেছে। চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৭ করার সিদ্ধান্ত নিয়েছে।
গত অর্থবছরে এক হাজার ২২২ জন কৃষিবিজ্ঞানীকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দেশের বিজ্ঞানী ও গবেষকেরা আরও এগিয়ে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিবছরই উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ২০১৩-১৪ অর্থবছরে কৃষি মন্ত্রণালয় ৮১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে এক হাজার ৩৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। চলতি বাজেটে কৃষি খাতে ১২ হাজার ২৮৮ কোটি বরাদ্দ রাখা হয়েছে
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকারের সময়ে তাদের সীমাহীন দুর্নীতিতে দেশের কৃষি খাত মুখ থুবড়ে পড়ে। সেই সময়ে সংসদে বিএনপির অর্থমন্ত্রী বলেছিলেন কৃষির উৎপাদন বেশি হলে বিদেশি সাহায্য কমে যাবে। আমরা এ কথার প্রতিবাদ করেছিলাম। বিএনপি চেয়েছিল দেশ যেন সব সময় ভিক্ষুকের জাতি হিসেবে থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সার বিতরণ ব্যবস্থাপনার পুনর্বিন্যাস ও সংস্কার করে। যে সারের জন্য বিএনপি আমলে কৃষককে প্রাণ দিতে হয়েছিল তা কৃষকদের নাগালের মধ্যে নিয়ে আসা হয়। কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়া হয়।