প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য ও কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) হুমায়ুন কবীর, আশফাকুর রহমান ও আশরাফ উদ–দৌলা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) হুমায়ুন কবীর, আশফাকুর রহমান ও আশরাফ উদ–দৌলা l ছবি: প্রথম আলো

ভূ-রাজনৈতিক কৌশলগত কারণে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব ক্রমশ বাড়ছে। ফলে জাপান ও চীনের মতো দূরপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অংশীদারিমূলক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে। এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করতে হলে প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে।
গতকাল বুধবার প্রথম আলো আয়োজিত এক মতবিনিময় সভায় সাবেক কূটনীতিকেরা এই অভিমত দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত জাপান সফর ও আসন্ন চীন সফরের তাৎপর্য মূল্যায়নের জন্য প্রথম আলোর কার্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
আলোচনার সূত্রপাত করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চুক্তি হয়েছে৷ তাঁর আসন্ন চীন সফরেও গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি বড় প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। বাংলাদেশের সামনে বিরাট সুযোগ ও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সুযোগগুলো কতটা ভালোভাবে কার্যকর করা যাবে, তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে৷
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রধানমন্ত্রীর সফর দুটিকে ‘অত্যন্ত সময়োপযোগী’ আখ্যা দেন৷ তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর পর চীনের অবস্থান এই সরকারের প্রতি সমর্থনমূলক ছিল না। ধীরে ধীরে চীন বুঝতে পেরেছে যে এই অঞ্চলের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশ বুঝতে পেরেছে যে চীন ও জাপান সরকারকে সমর্থন দিয়েছে। তাই প্রধানমন্ত্রী এ দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।
জাপানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ-দৌলা বলেন, নানা ত্রুটি থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ একটি দৃষ্টান্ত। গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে বিতর্ক থাকায় এ নিয়ে জাপানের আপত্তি ছিল। পরে জাপান বুঝতে পেরেছে, নির্বাচনে সমর্থন দেওয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক নিবিড় হয়েছে। চীন বাংলাদেশে অনেকগুলো বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে৷ এমন পরিস্থিতিতে জাপানের মনে এ ভাবনা এসেছে যে এই অঞ্চলে তারা চীনের চেয়ে পিছিয়ে পড়ছে কি না৷
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরও মার্কিন নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের কথা বলেন৷ তিনি বলেন, এই অঞ্চলের সমন্বিত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, জাপানকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। অভ্যন্তরীণ বিষয়ের বিবেচনা, বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে বর্তমান সরকার ‘প্রাচ্যমুখী নীতি’কে অগ্রাধিকার দিয়ে জাপান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে। এখন জাপানের সঙ্গে যে অর্থনৈতিক সহযোগিতা হয়েছে, চীনের সঙ্গে যা হতে যাচ্ছে, তা বাস্তবায়নের সামর্থ্য আছে কি না, তা ভাবার আছে। কাজেই এসব সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে নিজস্ব সামর্থ্য জোরদারের ওপর বিশেষ মনোযোগী হতে হবে।
দূরপ্রাচ্যের এ দুই বড় শক্তির সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখবে—এ প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অর্থনীতি সমন্বিত করার প্রক্রিয়াকে সমর্থন করে।
জাতিসংঘের সাধারণ পরিষদে জাপানের সদস্যপদ লাভের আগ্রহের বিষয়টি উল্লেখ করে আশরাফ উদ-দৌলা বলেন, প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর দেশকে অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখতে চান। তিনি চান এ প্রক্রিয়ায় বাংলাদেশ পাশে থাকুক। তা ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদের গুরুত্ব বাড়াতেও দেশটি বাংলাদেশের সমর্থন চায়।
আশফাকুর রহমান বলেন, পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি চীন সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরও নির্মাণ করতে যাচ্ছে। এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণে বাংলাদেশের সামর্থ্য নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ শুরুতে চীন বিভিন্ন আর্থিক চুক্তিতে শর্ত শিথিল রাখলেও পরে কঠিন শর্ত জুড়ে দেয়।
হুমায়ুন কবীর বলেন, ‘আমরা এত দিন একধরনের স্বল্পোন্নত েদশের (এলডিসি) পররাষ্ট্রনীতি চালিয়ে গেছি। এলডিসিতে কোনো ঝুঁকি নেই, কারণ আমাদের নিয়ে কেউ চিন্তিত নয়। আমরাও কারও পথ মাড়াইনি, কিংবা বিতর্কিত কোনো বিষয়ে জড়াইনি। এই প্রথমবারের মতো আমরা বিতর্কিত বিষয়ে নিজেদের জড়াতে যাচ্ছি। প্রধানমন্ত্রী বেইজিং সফরে গেলে জাপান সফরে দেওয়া যৌথ বিবৃতিতে তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে চীন ব্যাখ্যা চাইতে পারে। প্রশ্ন হচ্ছে, কীভাবে আমরা পরিস্থিতি সামাল দেব। ওই বক্তব্য বাংলাদেশকে বৈশ্বিক নিরাপত্তার একটি প্রসঙ্গের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক নিরাপত্তা নিয়ে এত দিন আমরা নীতিগত কথা বলেছি। কিন্তু এখন আমরা জাপানের প্রেক্ষাপট থেকে বৈশ্বিক শান্তি কিংবা নিরাপত্তার বিষয়টিকে দেখার চেষ্টা করছি। তাই এ বিষয়টি নিয়ে চীন প্রশ্ন তুলবে। (মতবিনিময় সভা নিয়ে বিশেষ আয়োজন প্রকাশিত হবে ৮ জুন)