প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য না দেওয়ায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তার বিভিন্ন প্রকল্প সম্পর্কে চাহিদামতো বিস্তারিত তথ্য উপস্থাপন না করায় সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ অসন্তোষ জানানো হয়।জাতীয় সংসদ ভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ। বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের (২০১২-২০১৩) বিভিন্ন প্রকল্প এবং এগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় চাহিদামতো তথ্য দিতে না পারায় সদস্যরা অসন্তোষ জানান। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, মন্ত্রণালয় কেবল ১৯টি প্রকল্পের অর্থ বরাদ্দ ও অবমুক্তির তথ্য দেয়। প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি।বৈঠক শেষে মেহের আফরোজ সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছিল, তা তারা সরবরাহ করতে পারেনি। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে যেসব প্রকল্পে টাকা বরাদ্দ পাওয়া গেছে সেগুলোর কাজ কোন পর্যায়ে আছে, কোন কোন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে এসব তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে। তিনি বলেন, কমিটি মন্ত্রণালয়কে শিশুদের বিষয়ে নেওয়া বিভিন্ন প্রকল্পের ব্যাপারে গুরুত্ব দিতে বলেছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পথশিশু ও পথনারীদের পুনর্বাসনে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়।বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, হাসিনা আহমেদ, আসমা জেরীন প্রমুখ উপস্থিত ছিলেন।