প্রকল্প ও বিশেষ বরাদ্দ পাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ঘুষ দিতে হয় প্রকল্পভেদে ১০ শতাংশ পর্যন্ত। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যাদেশ মূল্যের ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়।
আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘স্থানীয় সরকার খাত: প্রশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ব্যাপক পরিমাণে অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষক রবিউল ইসলাম ও ফারহানা রহমান। এই প্রতিবেদনের ওপর সেখানে গোলটেবিল আলোচনাও হয়।
আলোচনায় বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান, সালাউদ্দিন এম আমিনুজ্জামান, তোফায়েল আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান।
প্রতিবেদনে বলা হয়, কাজের জন্য ঠিকাদারদের ঘুষ দিতে হয়।
ইউপিপিআর-এর বরাদ্দ আসার পর মেয়র, নির্বাহী প্রকৌশলী ও টাউন ম্যানেজারের যোগসাজশে কেটে রাখা হয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত। টিআর ও কাবিখার বরাদ্দ ও বিলের টাকা ছাড় করাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘুষ দিতে হয় টনপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া উন্নয়নমূলক কাজে কার্যাদেশ পাওয়ার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দল ও জোটের নেতা-কর্মীদের ঘুষ দিতে হয় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত। আর সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ বণ্টনে কমিশন দিতে হয় ১০ থেকে ১৫ শতাংশ। এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতির ঘটনা ঘটে।
সেবামূলক কার্যক্রমেও (সনদ সংগ্রহ, ট্রেড লাইসেন্স, বিচার সালিস) বিভিন্ন হারে ঘুষ দিতে হয়।
প্রতিবেদনে এসব সমস্যার সমাধানে আইন সংশোধন করে তৃণমূল পর্যায়ে কর্মকাণ্ড বাস্তবায়নে সাংসদদের সম্পৃক্ততা বন্ধ করা; প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের সুষম বণ্টনসহ ১৮টি সুপারিশ করা হয়।