প্রকল্প শুরু হয় 'শেষ' হয় না
কোনো প্রকল্পের মেয়াদ কাল তিন মাস, কোনোটির চার মাস, আবার কোনো প্রকল্পের মেয়াদ আট মাস বা এক বছর। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ হয় না। এসব কাজ শেষ করতে বছরের পর বছর পার হয়ে যায়। এ অবস্থা পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের।
নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হলেও বছর বছর প্রকল্প প্রস্তাব পাঠিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম। গত দুই অর্থবছরে প্রায় ৭০৮ কোটি টাকার ২৩টি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে তারা। এর মধ্যে অনুমোদন পেয়েছে পাঁচটি প্রকল্প।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বর্তমানে পাউবো চট্টগ্রামের অধীনে ২৫টি প্রকল্পের কাজ চলছে। কাজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে ১০টি প্রকল্প। চলমান প্রকল্পের কোনোটির কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর জন্য পাউবো ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায় নিতে রাজি নয়। তারা প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট ও অন্যান্য সমস্যাকেই এ জন্য দায়ী করছে।
পাউবো সূত্র জানায়, পাউবো, চট্টগ্রামের প ও র (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) বিভাগ-১-এর অধীনে আনোয়ারা উপজেলায় মালিয়ারা-ফুলতলী জলকপাট নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালের ২৪ মার্চ। কাজটি নির্মাণের দায়িত্ব পায় যৌথভাবে মেসার্স অ্যাটকো ও নূর সিন্ডিকেট।
প্রকল্পব্যয় নির্ধারিত আছে দুই কোটি ২০ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী ২০১১ সালের ৩০ জুন প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা। দেড় বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও গত জানুয়ারি পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি ছিল ৭৭ শতাংশ।
ফটিকছড়ি উপজেলার হালদা নদীর ডান ও বাম তীরে মোট ১৪২ মিটার তীর সংরক্ষণের কাজও এখনো শেষ হয়নি। ২০১২ সালের ১২ এপ্রিল শুরু হওয়া এ প্রকল্পের কাজ আড়াই মাসে শেষ হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এ প্রকল্পের অগ্রগতি ৭০ শতাংশ।
তেমনি চট্টগ্রামের শ্রীমাইখাল, ধুরং খাল ও হাঙ্গরখাল প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার। কিন্তু এ প্রকল্পগুলোর অগ্রগতি কোনোটিরই ২০ শতাংশের বেশি নয়।
হাঙ্গরখাল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ এন্টারপ্রাইজের মালিক মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘কার্যাদেশ অনুযায়ী কাজটি গত জুনে শুরু করার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুম হওয়ায় কাজটি শুরু করতেই দেরি হয়েছে। তাই নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।’
তিন মাসের প্রকল্প আড়াই বছরেও কেন শেষ হয়নি কিংবা নির্ধারিত সময়ে কেন প্রকল্পগুলোর কাজ শেষ হয় না?—এ প্রশ্নের জবাবে পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল বলেন, ‘বিলম্বের জন্য পাউবো বা ঠিকাদারি প্রতিষ্ঠান কেউই দায়ী নয়। পাউবোর প্রকল্পগুলোকে অন্যান্য প্রকল্পের সঙ্গে তুলনা করলে চলবে না।
প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় সমস্যাসহ নানা কারণে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না। এ ছাড়া আর্থিক সংকট তো আছেই। পাউবোর কর্মদক্ষতা নিয়ে এখানে সন্দেহ করার অবকাশ নেই।’
পাউবো সূত্র জানায়, ২০১০-১১ থেকে ২০১২-১৩ অর্থবছরে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ চলছে বর্তমানে। চলতি অর্থবছরে যেসব প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে সেগুলোতে এখনো হাত দিতে পারেনি পাউবো। বরাদ্দের অপ্রতুলতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা।
জানা যায়, কর্ণফুলী নদীর রাউজান ও বোয়ালখালী অংশে প্রতিরক্ষা এবং ভাঙনরোধে ৭২ কোটি টাকার প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। ২১টি প্যাকেজে এ প্রকল্পের কাজ হবে। এর মধ্যে এখন পর্যন্ত একটি প্যাকেজের কার্যাদেশ দেওয়া হয়েছে। এ অর্থবছরে ১০ কোটি টাকা পাওয়ার কথা থাকলেও ছাড় দেওয়া হয়েছে এক কোটি ৯০ লাখ টাকা। তবে এ টাকা এখনো হাতে পৌঁছায়নি পাউবোর।
চলতি প্রকল্পগুলো শেষ না করে নতুন নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো প্রসঙ্গে পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, ‘প্রকল্প পাঠানোর পর সেটি অনুমোদন হতে কয়েক বছর লেগে যায়। সে কারণে প্রতিবছরই নতুন প্রকল্প প্রস্তাব পাঠাতে হয়।’