প্রকল্প শুরুর আগেই বিদেশ সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। কিন্তু সেই প্রকল্পের অধীনেই শুরু হয়ে গেছে কর্মকর্তাদের বিদেশ সফর। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানি সফরে বেরিয়ে পড়েছেন কর্মকর্তাদের সাত সদস্যের একটি দল।
এই প্রকল্পের নাম ‘প্রিপারেশন অব ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-৩৫) ফর ঢাকা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট প্ল্যান এরিয়া’। ঢাকার যে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) চলমান রয়েছে, তার মেয়াদ শেষ হবে আগামী বছর। এর পরবর্তী ২০ বছরের জন্য নতুন ড্যাপ তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পের কাজ শুরু হবে ‘রিভাইজড স্ট্রাকচার প্ল্যান (২০১৬-৩৫)’ তৈরির পর। স্ট্রাকচার প্ল্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ সাল শুরুর আগেই নতুন ড্যাপ তৈরির জন্য প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু কবে নাগাদ নতুন ড্যাপ তৈরির কাজ শুরু করা যাবে, তা বলা যাচ্ছে না।
সূত্র বলছে, নতুন ড্যাপ তৈরি প্রকল্পের অংশ হিসেবে কর্মকর্তাদের দুটি দলের ১০ দিন করে বিদেশ সফরের বিধান প্রকল্প প্রস্তাবে আছে। কিন্তু তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে। উপরন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া-আসার সময় (ট্রাভেল টাইম) এই ১৫ দিনের বাইরে রাখা হয়েছে।
বর্তমান দলটি যুক্তরাষ্ট্র সফর শেষ করে জার্মানিতে আছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়। সরকারি আদেশে উল্লিখিত তালিকা অনুযায়ী এই দলে আছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আহসান হাবিব তালুকদার, রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান, মন্ত্রণালয়ের উপপ্রধান মোহাম্মদ জালাল আহমেদ, রাজউকের পরিচালক (পরিকল্পনা প্রণয়ন) সিরাজুল ইসলাম, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব মোহাম্মদ নূর খান এবং রাজউকের উপস্থপতি (নগর পরিকল্পনা) মোস্তাক আহমেদ। ড্যাপ প্রণয়নে এঁদের অধিকাংশেরই কোনো ভূমিকা নেই।