প্রকল্প সমন্বয়কারী চাকরিচ্যুত হলেও ফেরত দেননি আত্মসাৎ করা টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র প্রায় তিন লাখ টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবদীন ভূঞাকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তিনি এখনো আত্মসাৎ করা টাকা ফেরত দেননি। অর্থ আত্মসাতের ঘটনায় কোনো মামলাও হয়নি।ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নয়টি গ্রাম উন্নয়ন সমিতির কয়েকজন ব্যবস্থাপক অভিযোগ করেন, জয়নাল আবদীন ভূঞা তাঁদের কাছ থেকে ব্যাংকের চেকে অগ্রিম স্বাক্ষর নিয়ে সদস্যদের ঋণের টাকা বিতরণ না করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া কয়েকজন গ্রাম উন্নয়ন ব্যবস্থাপকের মাসিক সম্মানী ভাতার টাকাও তিনি আত্মসাৎ করেন।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের ঋণ দেওয়ার ক্ষেত্রে নিজ নিজ নামে চেক দিতে হয়। কিন্তু প্রকল্প সমন্বয়কারী তা না করে অবৈধভাবে সমিতির ব্যবস্থাপকের নামে চেক লিখে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেন। এ ছাড়া ঋণ অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার (আরডিও) স্বাক্ষরের প্রয়োজন হয়। প্রকল্প সমন্বয়কারী তাঁদের স্বাক্ষর জাল করে ঋণ মঞ্জুর দেখিয়ে টাকা আত্মসাৎ করেন।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন বিষয়টি জানতে পেরে প্রাথমিক তদন্ত করে গত ১৯ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক (ঢাকা) ও ফেনীর জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত প্রতিবেদন দেন। তা ছাড়া আর্থিক অনিয়ম তদন্তের জন্য গত ২৩ সেপ্টেম্বর প্রকল্প পরিচালকের কাছে আরও একটি চিঠি দেন।এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও জয়নাল আবদীন ভূঞাকে পাওয়া যায়নি।ফেনী সদর উপজেলার ইউএনও প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবদীন ভূঞার অনিয়ম ও টাকা আত্মসাতের সত্যতা নিশ্চিত করেছেন। ইউএনও জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবদীন ভূঞাকে ওই টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তিনি টাকা জমা দেননি।জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, তিনি তদন্ত প্রতিবেদন প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছেন। কীভাবে অর্থ আদায় করা হবে, এ ব্যাপরে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, টাকা আত্মসাতের বিষয়টি সঠিক।