প্রকল্প হচ্ছে ভূ-উপরিস্থ পানির, নিয়োগ হচ্ছে গভীর নলকূপের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসা
ওয়াসা

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) ভূগর্ভস্থ উৎসের বদলে ভূ-উপরিস্থ পানির উৎসকে গুরুত্ব দিচ্ছে। এ জন্য বৃহৎ কয়েকটি পানি শোধনাগার প্রকল্প হাতে নিয়েছে। এসব বাস্তবায়িত হলে গভীর নলকূপের ব্যবহার কমে যাওয়ায় পাম্প চালানোর বর্তমান জনবল উদ্বৃত্ত হয়ে পড়বে। অথচ ওয়াসা প্রায় এক হাজার শিক্ষানবিশ পাম্পচালক নিয়োগ করছে।
সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে অসংগতিপূর্ণ অভিহিত করে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা ওয়াসারই কয়েকজন প্রকৌশলী ও কর্মকর্তা। তাঁরা বলেছেন, পরিবেশগত কারণে ভবিষ্যতে যেখানে গভীর নলকূপ কমে যাবে, সেখানে এই বিপুল শিক্ষানবিশ পাম্পচালক নিয়োগ হলে তা একসময় সংস্থার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাঁদের কয়েকজন অভিযোগ করেছেন, এই নিয়োগ নিয়ে ‘বাণিজ্য’ চলছে।
ঢাকা ওয়াসার সূত্র জানায়, সংস্থায় ১৮তম গ্রেডে প্রায় এক হাজার ‘শিক্ষানবিশ পাম্পচালক’ পদে নিয়োগের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১০ অক্টোবর। আবেদনকারীদের লিখিত পরীক্ষা হওয়ার তারিখ প্রথমে নির্ধারণ করা হয়েছিল ৩ জানুয়ারি। গত ৩১ ডিসেম্বর এই পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১০ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হলেও পরে তা-ও স্থগিত করা হয়। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে একজন কর্মকর্তা জানান।
এদিকে ঢাকা ওয়াসা ভিশন-২০২১ অনুযায়ী পরিবেশগত বিষয়টি মাথায় রেখে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরতা বাড়াতে কয়েকটি বৃহৎ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার তৃতীয় পর্যায়ের সমীক্ষা চলছে। এটি বাস্তবায়িত হলে এখান থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি শোধন করে সরবরাহ করা হবে। পদ্মা নদী থেকে পানি এনে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে চীনের আর্থিক সহায়তায় পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক চুক্তি হয়েছে। প্রায় তিন হাজার ৩৩৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে পদ্মা নদীর মুন্সিগঞ্জ-জশলদিয়া থেকে ৩৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে রাজধানীতে পানি সরবরাহ করা হবে।
এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পাঁচ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেঘনা থেকে পানি এনে দৈনিক আরও ৫০ কোটি লিটার পানি নগরে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। নগরে দৈনিক ১৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে সাভার উপজেলার তেঁতুলঝোড়া-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণের একটি প্রকল্প নেওয়া হয়েছে।
২০১৮ সাল নাগাদ এসব প্রকল্প বাস্তবায়িত হলে ওয়াসার ভূ-উপরিস্থ পানির সর্বমোট উৎপাদন দাঁড়াবে দৈনিক ২১৮ কোটি লিটার। বর্তমানে ভূ-উপরিস্থ পানির উৎপাদন প্রায় ৬৩ কোটি লিটার।
ওয়াসার সূত্রমতে, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত নগরে পানির চাহিদা বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ সাল নাগাদ দৈনিক পানির সম্ভাব্য চাহিদা দাঁড়াতে পারে ২৭৫ থেকে ২৮০ কোটি লিটার। অর্থাৎ ভূ-উপরিস্থ পানি শোধনাগারগুলো বাস্তবায়িত হলে ৭০ থেকে ৭৫ শতাংশ পানিই হবে ভূ-উপরিস্থ (সারফেস)। ফলে গভীর নলকূপের ব্যবহার কমে যাবে।
ওয়াসার সূত্র জানায়, বর্তমানে তাদের প্রায় ৬৬০টি গভীর নলকূপ আছে। প্রতিটি পাম্প চালানোর জন্য তিনজন করে প্রয়োজন। এ হিসাবে ৬৬০টি পাম্পের জন্য প্রয়োজন এক হাজার ৯৮০ জন। বর্তমানে পাম্পচালক ও সহকারী পাম্পচালক আছেন প্রায় দেড় হাজার। তবে পানি শোধনাগার প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তখন গভীর নলকূপ থাকবে সর্বোচ্চ ২০০টি। এতে ২০০ নলকূপের জন্য পাম্পচালক ও সহকারী পাম্পচালক প্রয়োজন হবে ৬০০ জন। ফলে পাম্প চালানোর জন্য বিদ্যমান জনবলই উদ্বৃত্ত হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ওয়াসার পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে এই নিয়োগ-প্রক্রিয়ার প্রায় এক হাজার জনবল ভবিষ্যতে ওয়াসার জন্য বাড়তি বোঝা হবে। পাম্পে বিদ্যমান জনবলসংকট লোক নিয়োগ না করেও ওভারটাইম দিয়ে মেটানো সম্ভব। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সেটিই হবে ভালো সিদ্ধান্ত।
জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ভূ-উপরিস্থ উৎসের দিকে যাচ্ছি, এটা ঠিক। তবে ট্রিটমেন্ট প্ল্যান্টও চালাতে হবে। ভবিষ্যতে জনবলের হিসাব-নিকাশ করেই যতজন প্রয়োজন, ততজনই নিয়োগ করা হচ্ছে। ভূ-উপরিস্থ পানির নির্ভরতা বাড়লেও জনসংখ্যা বৃদ্ধির ফলে কয়েক বছর পর পানির চাহিদাও বাড়বে। ওই চাহিদা মেটাতে গভীর নলকূপও থাকবে।’ নিয়োগ নিয়ে ‘বাণিজ্যে’র অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি একেবারে ভিত্তিহীন। যে প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে, তাতে বাণিজ্যের কোনো সুযোগ নেই।