প্রকল্পের অর্থ আত্মসাৎ সমন্বয়কারীর ৯ বছর কারাদণ্ড
চট্টগ্রামে সরকারি একটি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় প্রকল্প সমন্বয়কারীর নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।গত সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় দেন। তবে রায়ের আদেশ গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। রায়ে আসামিকে তিনটি পৃথক ধারায় তিন বছর করে মোট নয় বছরের সাজা দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আসামির নাম মামুনুর রশিদ। তিনি মিরসরাই উপজেলার ‘গ্রামীণ মহিলা উন্নয়ন কর্মসূচি’ নামের প্রকল্পটির সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। মামুনুর রশিদ বর্তমানে পলাতক।দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মাহমুদুল হক বলেন, মামুনুর রশিদ প্রকল্পটির সমন্বয়কারী থাকাকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সই নকল করে সাত লাখ ১৬ হাজার ৬৪৮ টাকা আত্মসাৎ করেন। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।