নওগাঁর বদলগাছি উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসকেন্দার মির্জা ওরফে বাচ্চু বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই ইউপির ছয়জন সদস্য তাঁর বিরুদ্ধে নওগাঁ জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তাঁরা অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক, বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বদলগাছি প্রেসক্লাবে দিয়েছেন। তবে ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা তাঁর বিরুদ্ধে আনা উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও। কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা একই অভিযোগে গত বুধবার তাঁর বিরুদ্ধে ইউএনওর কাছে আরেকটি লিখিত অভিযোগ দিয়েছেন। কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সিদ্দিকুর রহমান বলেন, তাঁর (চেয়ারম্যান) অনিয়ম-দুর্নীতির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাংলা ১৪২৩-১৪২৪ সনের কোলা ও ভান্ডারপুর হাটের ইজারার আয়ের একাংশ এবং ২০১৬-২০১৭ অর্থবছরের সাবরেজিস্ট্রি কার্যালয় থেকে জমি নিবন্ধন বাবদ পাওয়া ১ শতাংশসহ মোট ৫১ লাখ ৩০ হাজার ৯৫১ টাকা ২২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেছেন। এসব প্রকল্পে সঠিক বিধিবিধানও অনুসরণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান বলেন, ২ লাখ টাকা পর্যন্ত পিআইসির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করার নিয়ম রয়েছে। ২ লাখ টাকার ঊর্ধ্বে কোনো প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী প্রকল্পের কাজের ব্যয় নির্ধারণ (এস্টিমেট) করবেন। উপজেলা প্রকৌশলীর ছাড়াপত্র ছাড়া কোনোভাবেই চূড়ান্ত বিল উত্তোলন করা সম্ভব নয়। প্রকল্পের কাজ বাস্তবায়ন ছাড়া চূড়ান্ত বিল উত্তোলন করা হলে সেটি অনিয়ম ও দুর্নীতি। উপজেলা প্রকৌশলী এই অনিয়ম-দুর্নীতির দায়ভার কোনোভাবেই এড়াতে পারবেন না।
জানতে চাইলে, বদলগাছি উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘কোলা ইউপির ২২টি উন্নয়ন প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের কোনো ছাড়পত্র দিইনি। এসব উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত বিল কীভাবে উত্তোলন করা হয়েছে সেটি আমার জানা নেই।’
চেয়ারম্যান যেসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়েছেন এর মধ্যে ৬টি সরেজমিনে ঘুরে দেখেছেন এই প্রতিনিধি, যার ৫টিই বাস্তবায়িত হয়নি। ভান্ডারপুর হাটে নতুন কোনো শেড নির্মাণ করা হয়নি। ভান্ডারপুর হাটের দক্ষিণ পাশে একটি নলকূপ রয়েছে। সেই নলকূপটি পুরোনো। নলকূপটির হাতল নষ্ট হওয়ায় স্থানীয় দোকানিরা চাঁদা তুলে নতুন হাতল লাগিয়েছেন। ওই হাটে নতুন কোনো নলকূপ দেখা যায়নি। কোলা হাটের মাছ বাজারের খোলা নালাটির কোনো সংস্কারকাজ হয়নি। ওই নালাটি আবর্জনায় ভরে আছে। কোলা হাটে নতুন কোনো পশু জবাইখানাও নির্মাণ করা হয়নি। কোলা বাজারে সাবমারসিবল পাম্প ও পানি সরবরাহ প্রকল্পের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু ভান্ডারপুর হাটের পূজামণ্ডপের দক্ষিণ পাশে মাত্র ২০ ফুট দৈর্ঘ্যের একটি নালা নির্মাণ করা হয়েছে।
ভান্ডারপুর বাজারের পাশের পানের দোকানি পলাশ বলেন, ‘এসকেন্দার মির্জা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভান্ডারপুর হাটে নতুন কোনো নলকূপ স্থাপন করা হয়নি। পুরোনো নলকূপের হাতল নষ্ট হওয়ায় আমরা চাঁদা তুলে হাতল বদলিয়েছি।’
ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদি হাসান বলেন, কোলা ইউপিতে নতুন চেয়ারম্যান আসার পর ভান্ডারপুর হাটের দক্ষিণে শুধু ২০ ফুটের মতো একটি ঢাকনাবিহীন নালা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নতুন শেড, নলকূপ স্থাপন এগুলোর কিছুই করা হয়নি।
কোলা হাটের মাছ বাজারের চা-দোকানি সুবল বলেন, মাছ বাজারে আগে যে খোলা নালা ছিল, এখনো সেটি রয়েছে। নালাটি কখনো সংস্কার করা হয়নি।
কোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বলেন, নতুন চেয়ারম্যান আসার পর হাটের দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। হাটে নতুন কসাইখানা, সাবমারসিবল পাম্প ও পানি সরবরাহের কাজ হয়নি। হাটের উন্নয়নের নামে লাখ-লাখ টাকা তছরুপ করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সই করেছেন কোলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর ইসলাম। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ৫১ লাখ ৩০ হাজার ৯৫১ টাকা আত্মসাৎ করেছেন। চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির কারণে ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রকল্পগুলো তদন্ত করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
কোলা ইউপির চেয়ারম্যান এসকেন্দার মির্জা বলেন, ‘আমি কোনো উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করিনি। যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তাঁরা নিজেরা প্রকল্পগুলোর সভাপতি ছিলেন। কাজেই আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য।’
হাটে সাবসারসিবল মোটর ও পানি সরবরাহ প্রকল্পের কোনো অস্তিত্ব নেই, এ-সংক্রান্ত প্রশ্নে চেয়ারম্যান বলেন, সব কেনাকাটা করা হয়েছে। সময়ের অভাবে সেটি স্থাপন করা যায়নি। কসাইখানা নির্মাণ না হওয়া প্রসঙ্গে বলেন, ‘আপনি আমার সঙ্গে দেখা করেন। তখন সব কথা হবে। আমি প্রতিটি সদস্যকে ১০ হাজার টাকা করে দিয়েছি। এই টাকা কোথায় থেকে এসেছিল?’
বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ বলেন, ‘কোলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি।’