প্রকল্পের অস্বাভাবিক খরচ যাচাই করা হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

প্রকল্পের অস্বাভাবিক খরচ যাচাই করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। ইতিমধ্যে কাজ শুরু করেছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান। সম্প্রতি বেশ কয়েকটি প্রকল্পের অস্বাভাবিক খরচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের ভয়ংকর লোকবলের অভাব আছে। যত লোক দরকার, এর অর্ধেকও নেই। তাই প্রকল্প প্রস্তাবের পাতায় পাতায় দেখা সম্ভব হয় না। তবে এই ধরনের অস্বাভাবিক খরচ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে না হয়, সেদিকে খেয়াল রাখব।’

এর আগে আইএমইডি বেশ কয়েকটি প্রকল্পের অসংগতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছিল- এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আইএমইডির সুপারিশগুলো যে ধরনের ক্ষুরধার হওয়ার কথা, অনেক সময় তা হয় না। এ ছাড়া আমলাতন্ত্রের ঝোপঝাড়ে ওই সব প্রতিবেদনগুলো হারিয়ে যায়।’

আজকের একনেক সভায় সব মিলিয়ে এক হাজার ১৩৭ কোটি টাকার ছয় প্রকল্প পাস হয়। শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল উপায়ে সভায় সভাপতিত্ব করেন।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো- চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট; কুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্ত করা ও উন্নয়ন; লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্ত করা; কুমিল্লা জেলার তিতাস ও হোমনা উপজেলায় তিতাস নদী পুনঃ খনন; গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে রক্ষা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প।

চরাঞ্চলের প্রকল্পটি পাস করার সময় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ক্রস ড্যাম দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। প্রকৃতির সঙ্গে খেলা করতে হলে সাবধান হতে হবে।