প্রকল্পের কথাই জানেন না হিসাব দাখিলের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের স্বপ্ন-সোপান শিক্ষালয় সংস্কারের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি দেখানো হয় প্রতিষ্ঠানের পরিচালক রঞ্জন মোহন্তকে। কিন্তু তিনি জানেন না এ বরাদ্দের কথা। রঞ্জন মোহন্ত বলেন, ‘আমি জীবনেও কোনো প্রকল্পের জন্য আবেদন করিনি। বিষয়টি জানিও না। অথচ শুনছি আমার স্বাক্ষর জাল করে সরকারি টাকা তুলে নেওয়া হয়েছে।’উপজেলার মধ্য গণকপাড়া জামে মসজিদ সংস্কারের জন্য প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু এলাকাবাসীর কেউ তা জানে না। প্রকল্পের সভাপতি সিরাজুল ইসলাম জানান, জাহেদুল ইসলাম নামে একজন এসে মসজিদের কাজ করে দেওয়ার কথা বলে কাগজে স্বাক্ষর করে নিয়ে যায়। কিন্তু পরে আর কোনো টাকা দেয়নি। মসজিদের কোনো কাজও হয়নি। অথচ প্রশাসন থেকে হিসাব দাখিলের জন্য তাঁকে চিঠি দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলায় ২০১০-১১ অর্থবছরের টিআর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় ১৭৯টি প্রকল্পের বিপরীতে ৪২ লাখ ৬০ হাজার টাকা ও ১৩৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পে রঞ্জন মোহন্ত বা সিরাজুল ইসলামের মতো অনেকে প্রতারণার শিকার হয়েছেন। এখন তাঁদের উল্টো প্রশাসনের পক্ষ থেকে কাজ বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, একটি মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে প্রকল্পের টাকা হরিলুট করে নিয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে বরাদ্দের টাকা হাতিয়ে নিয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের আসবাব কেনার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, ‘আমি হাতে কোনো টাকা পাইনি। তাই কোনো কাজ করা যায়নি। আর যেহেতু কাজ হয়নি, তাই চিঠির জবাব দিইনি।’ হাজীবাজার জামে মসজিদের সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছিল ৫০ হাজার টাকা। সেখানেও কোনো কাজ হয়নি। প্রকল্পের সভাপতি শহিদুল ইসলাম জানান, তাঁকে কোনো টাকা দেওয়া হয়নি। অথচ হিসাব দাখিলের জন্য নোটিশ পেয়েছেন। মোকামতলা ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল ইসলাম বলেন, ‘প্রকল্প সভাপতিদের টাকা দেওয়ার জন্য ২৮ জুন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসার সময় ছিনতাই হয়। তাই টাকা দেওয়া সম্ভব হয়নি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের কাজ বাস্তবায়নের মাস্টাররোল বা ব্যয়ের হিসাব দাখিলের জন্য প্রকল্প সভাপতিদের চিঠি পাঠানো হয়েছে। কিন্তু ৪০ শতাংশ প্রকল্পের সভাপতি সে চিঠির কোনো জবাব দেননি। যেসব প্রকল্পে কাজ হয়নি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।