রাজধানীর উত্তরা ফ্ল্যাট প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিয়ে করানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
ফ্ল্যাট প্রকল্পের ভবন নির্মাণের দায়িত্ব পাওয়া গণপূর্ত বিভাগ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দরপত্রের মধ্যে প্রায় ২০ কোটি টাকার পার্থক্য তৈরি হওয়ায় সংসদীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া রাজউক কাজ করতে ব্যর্থ হওয়া এনাডোঙ্গা, এনা ডিডিজে ও বিএফএল-এইচসিএল থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করতে না পারায় সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ করে।
শুরুতে ফ্ল্যাট প্রকল্পের ৬১টি ভবন নির্মাণের দায়িত্ব পায় সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনাডোঙ্গা ও এনা ডিডিজে এবং ১৬টি ভবন নির্মাণের দায়িত্ব পায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান বিএফএল-এইচসিএল। এদের কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় রাজউক চুক্তি বাতিল করে। পরে ৭৭টি ভবন নির্মাণের দায়িত্ব রাজউক ও গণপূর্ত বিভাগ ভাগাভাগি করে নেয়।
সংসদীয় কমিটি গতকাল গণপূর্ত বিভাগ ও রাজউকের এই প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা করে। বৈঠক শেষে কমিটির সভাপতি দবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গণপূর্ত ও রাজউক কাজ ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু রাজউক যে দর দিয়েছে, তা গণপূর্তের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি। এতে সরকারের ২০ কোটি টাকার মতো বেশি ব্যয় হবে। কমিটির প্রশ্ন, একই পরিমাণ কাজের জন্য সরকারের দুটি প্রতিষ্ঠানের দরে পার্থক্য কেন থাকবে। মূলত নতুন করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হচ্ছে। সে জন্য কমিটি উত্তরা ফ্ল্যাট প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিয়ে দিতে বলেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, প্রকল্পের প্রথম ধাপের ৪০টি ভবনের মধ্যে এনাডোঙ্গা ৩০টি এবং বিএফএল-এইচসিএল আটটি ভবন নির্মাণের কাজ পায়। চুক্তি বাতিল হওয়ায় দুটি প্রতিষ্ঠানের জামানত বাবদ ১২০ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ২২৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা। রাজউক এই টাকা নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বারবার তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। কিন্তু ব্যাংক এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
বৈঠক সূত্র জানায়, কমিটি জামানত ও ক্ষতিপূরণের টাকা দ্রুত আদায়ের সুপারিশ করেছে।
দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূরজাহান বেগম অংশ নেন।