প্রকল্পের কাজে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রকল্পে বরাদ্দের তুলনায় কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। স্থানীয় শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও অনেক স্থানে চুক্তিতে বাইরের শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার ৬৫টি ইউনিয়নে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১ এপ্রিল থেকে কাজ শুরু হয়েছে। দুই মাসে ৪০ কর্মদিবস কাজ চলবে। ১৫১টি প্রকল্পে এক কোটি ২৬ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের কাজে প্রতিদিন একজন শ্রমিকের ছয় ঘণ্টা কাজের জন্য ১৭৫ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে ৩০ শতাংশ নারী শ্রমিকের কাজ করার কথা রয়েছে। শ্রমিকেরা ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁদের পারিশ্রমিক তুলতে পারবেন। প্রকল্পগুলোর সভাপতির দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা। গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মধ্য কোদালপুর গ্রামে মাটির রাস্তা নির্মাণের কাজ তিন সপ্তাহ করানোর পর প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মতিন খান বলেন, শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭৫ টাকা। এত কম টাকায় এলাকায় শ্রমিক পাওয়া যায় না। তাই মাঝেমধ্যে বন্ধ দিয়ে কাজ করানো হচ্ছে। গোসাইরহাটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের আইটপাড়া গ্রামে রাস্তা পুনর্নির্মাণের জন্য ১৯ জন শ্রমিকের পারিশ্রমিক বাবদ এক লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এ কাজ বাইরের শ্রমিক দিয়ে ৯০ হাজার টাকায় চুক্তিতে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য ওহিদা বেগম দাবি করেন, প্রকল্পটি নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে।নড়িয়ার পিআইও গোবিন্দ চন্দ্র রায়ের মুঠোফোনে গতকাল মঙ্গলবার যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে। ভেদরগঞ্জ উপজেলার মহিসার ইউনিয়নের মহিসার গ্রামে ২৮ জন শ্রমিকের রাস্তার কাজ করার কথা। কিন্তু কাজ করানো হচ্ছে ১২ জন শ্রমিক দিয়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, এ এলাকায় ২৫০ থেকে ৩০০ টাকার কমে শ্রমিক পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে এভাবেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুভাস চন্দ্র বল বলেন, কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।