প্রকল্পের গম ছাড় করাতে টনপ্রতি ১১০০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় মসজিদ-মন্দির ও দাতব্য প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দকৃত গমের বরাদ্দপত্র ছাড় করাতে টনপ্রতি এক হাজার ১০০ টাকা ঘুষ দিতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বরগুনা সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই অর্থ আদায় করছেন বলে জানা গেছে।উপজেলা পিআইও কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী জাকির হোসেন এই টাকা আদায় করে বরাদ্দপত্র বিতরণ করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিআইও কার্যালয়ে গিয়ে দেখা গেছে, জাকির হোসেন এই অর্থ গ্রহণ করছেন। কী বাবদ এই অর্থ নিচ্ছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে যান এবং নিশ্চুপ থাকেন। সেখানে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী বলেন, পিআইওর নির্দেশে অফিসের খরচ বাবদ এই অর্থ আদায় করছেন বলে জাকির হোসেন তাঁদের জানিয়েছেন। সেখানে উপস্থিত সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইতুল নূর জামে মসজিদের সভাপতি স্বীকার করেন, তিনি এক হাজার ১০০ টাকা দিয়ে বরাদ্দপত্র হাতে পেয়েছেন। কী জন্য টাকা দিলেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘তাঁরা (পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারী) বলেছেন, পার্সেন্টেজ লাগবে, তাই দিয়েছি।’বরগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজবুল কবির বলেন, ‘টনপ্রতি এক হাজার ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে আমার কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন। পরে পিআইওর কাছে আমি বিষয়টি জিজ্ঞেস করলে তিনি বলেন, ভিজিটরদের ম্যানেজ করতে নাকি এসব খরচ নেওয়া হচ্ছে।’সদর উপজেলা পিআইও রণজিৎ কুমার কর্মকার ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘আমার কাছে এ রকম অভিযোগ কেউ করেনি।’ পরে তিনি বলেন, ‘ভাই, আমি ফিল্ডে আছি। এসে আপনার সঙ্গে কথা বলব।’