স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের গাড়িগুলো কোথায়, কীভাবে ব্যবহূত হচ্ছে, তা জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটিকে জানাতে বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার কমিটির এক বৈঠকে এ কথা বলা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ঢাকা ওয়াসাকে চাহিদা অনুযায়ী পানি উৎপাদন এবং প্রয়োজনের অতিরিক্ত পানি উৎপাদন না করে সুষ্ঠু পরিকল্পনামাফিক পানি উৎপাদনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ঢাকা শহরের পানি নিষ্কাশন ত্বরান্বিত করতে সব খাল উদ্ধারের সুপারিশ করা হয়।বৈঠকে পুরোনো ইউনিয়ন পরিষদ ভবন মেরামত বা নতুন ভবন নির্মাণ এবং যেসব ইউনিয়ন পরিষদের ভবন নেই, সেগুলো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।বৈঠকে কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে বাকের, মোহম্মদ রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা এবং ফরিদুন্নাহার লাইলী অংশ নেন।