প্রকল্পের টাকা আত্মসাৎ ফেরত চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চারটি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্প চেয়ারম্যানদের টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গত বছরের জুনে গঙ্গাচড়া সদর ইউনিয়নের হাটবাজার উন্নয়নে চারটি প্রকল্পের বিপরীতে আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের এক মাসের মধ্যে, অর্থাৎ গত বছরের ৪ জুলাই কাজ শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় নয় মাস পেরিয়ে যাওয়ার পরও এ প্রকল্পের একটি কাজও হয়নি। জানা যায়, চারটি প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির এক লাখ ৭২ হাজার টাকা প্রকল্প চেয়ারম্যানদের দেওয়া হয়। এর মধ্যে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশে নর্দমা নির্মাণে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আবদুল মতিনকে প্রথম কিস্তির ৪৬ হাজার টাকা, গঙ্গাচড়া হাটে পানিনিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য শক্তি রানীকে ৪৬ হাজার টাকা, উপজেলা মাছ বাজারে শৌচাগার ও নলকূপ স্থাপনে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আবদুল খালেককে ৪৬ হাজার ও উপজেলা মহিলা বিপণিবিতান সংস্কার প্রকল্পে প্রকল্প চেয়ারম্যান ইউনুছ আলীকে ৩৪ হাজার টাকা দেওয়া হয়। চার প্রকল্প চেয়ারম্যান কাজ না করায় গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সাধারণ সভায় তাঁদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর ৭ মার্চ টাকা ফেরত চেয়ে ইউএনও প্রকল্প চেয়ারম্যানদের চিঠি দেন। কাজ না করে টাকা আত্মসাতের ঘটনাটি চার প্রকল্প চেয়ারম্যানই স্বীকার করেছেন। তাঁদের মধ্যে আবদুল খালেক ও আবদুল মতিন জানান, উত্তোলন করা টাকা ফেরত দেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাটবাজার উন্নয়ন কমিটির সভাপতি মজিবর রহমান প্রামাণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজ না হওয়ায় টাকা ফেরত দিতে বলা হয়েছে। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে।ইউএনও আবু জাফর বলেন, সময়মতো তাঁরা কাজ করেননি। এ কারণে টাকা ফেরত চেয়ে চার প্রকল্প চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। তবে এই টাকা মার্চের মধ্যে ফেরত দিতে হবে।