প্রকল্পের তথ্য পেতে এক বছরের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে প্রথম আলো। কিন্তু সাংবাদিকতার স্বাভাবিক প্রক্রিয়ায় জেলা পরিষদ থেকে কোনো তথ্য পাওয়া দুরূহ হয়ে ওঠে। এই পর্যায়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়, কিন্তু সাড়া দেয়নি জেলা পরিষদ।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ৮(১) অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা-সংশ্লিষ্ট এবং অন্য দেশের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে—এমন তথ্য ছাড়া যেকোনো তথ্য আবেদনকারীকে সরবরাহ করা বাধ্যতামূলক। আবেদনের ২০ কর্মদিবসের মধ্যে তা সরবরাহ করতে হবে।
ঢাকা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য চেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঁচবার আবেদন করা হয়। এর মধ্যে দুটি আবেদনের তথ্য পেতে তথ্য কমিশন পর্যন্ত যেতে হয়েছে। আপিল করার পর একটির আংশিক এবং অপরটির সম্পূর্ণ তথ্য পাওয়া গেছে। অনেক গড়িমসি করে অন্য আবেদনটির চাওয়া তথ্য সরবরাহ করা হয়।
পরিষদের ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে নেওয়া উন্নয়ন প্রকল্পসহ আর্থিক অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বরাদ্দের পরিমাণ, প্রকল্প সভাপতির নাম ও কাজের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে ২০১৪ সালের ৮ জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। ২০ কর্মদিবসের মধ্যে তিনি তথ্য না দেওয়ায় ওই বছরের ৪ সেপ্টেম্বর জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার কাছে আপিল করা হয়। কিন্তু তিনি তথ্য দেওয়ার ব্যবস্থা নেননি। পরে ওই বছরের ১২ অক্টোবর তথ্য কমিশনে এ বিষয়ে অভিযোগ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তথ্য কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। তাতে জেলা পরিষদ সময় প্রার্থনা করে। ২০১৫ সালের ২৫ জানুয়ারি কমিশনে আবার শুনানি হয়। শুনানি শেষে কমিশন ২০ কর্মদিবসের মধ্যে প্রথম আলোকে তথ্য সরবরাহের জন্য জেলা পরিষদকে নির্দেশ দেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ মার্চ পরিষদ থেকে তথ্য সরবরাহ করা হয়। কিন্তু সরবরাহ করা তথ্যে অনেক প্রকল্পেরই পূর্ণ বিবরণ ও ঠিকানা ছিল না।
২০১৩-১৪ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিলসহ অন্যান্য তহবিল থেকে দরপত্রের প্রক্রিয়া আর প্রকল্প কমিটির মাধ্যমে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেগুলোর বিস্তারিত জানতে চেয়ে গত বছরের ৮ মার্চ আবেদন করা হয়। এবারও নির্দিষ্ট সময়ে তথ্য দেননি ওই কর্মকর্তা। নিয়মানুযায়ী ওই বছরের ১৯ এপ্রিল পরিষদের প্রশাসকের কাছে আপিল করা হয়। এরপর তথ্য সরবরাহ করা হয়, কিন্তু তাতে প্রকল্পের অর্থের চেক গ্রহীতার পূর্ণ পরিচয় উল্লেখ করা হয়নি। অনেক প্রকল্পের চেক গ্রহীতার নামও দেওয়া হয়নি।
গত বছরের একই দিনে (৮ মার্চ) ২০১১ থেকে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সাভার উত্তরপাড়ার শ্রীশ্রী শ্যামরাই শ্যামসুন্দর মন্দিরের নামে বছরভিত্তিক বরাদ্দের পরিমাণসহ প্রকল্পের সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। এবারও তথ্য না পেয়ে ১৯ এপ্রিল আপিল করা হয়। এরপর পরিষদ আংশিক তথ্য সরবরাহ করে। পরে গত বছরের ২ জুন তথ্য কমিশনে অভিযোগ করা হয়। গত বছরের ৮ জুলাই কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সব তথ্য সরবরাহ করা হয়।
জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান বাবদ ২০১১ থেকে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে খরচের পরিমাণ জানতে চেয়ে আবেদনও করা হয়েছিল গত বছরের ৮ মার্চ। তথ্য না পেয়ে এ ক্ষেত্রেও আপিল করা হয় এবং পরে তথ্য পাওয়া যায়।
সাভার পৌর এলাকার উত্তরপাড়ার কৃষ্ণমন্দির শ্যামরাই এবং শ্যামলী মন্দিরের উন্নয়নের জন্য ২০১১ থেকে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বরাদ্দের পরিমাণসহ প্রকল্পের সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়ে গত বছরের ২২ জুলাই আবেদন করা হয়েছিল। নানা টালবাহানা করে ৮ অক্টোবর তথ্য দেওয়া হয়। তথ্য ধরে অনুসন্ধান করে দেখা গেছে, বাস্তবে প্রকল্প দুটির কোনো অস্তিত্বই নেই।
জেলা পরিষদের সরবরাহ করা তথ্য যাচাইয়ের জন্য সাভার কলেজ ও ধামরাই উপজেলা প্রকৌশলীর দপ্তরে তথ্য অধিকার আইনে একাধিক আবেদন করা হয়। এসব প্রতিষ্ঠান থেকেও তথ্য পেতে আপিল কর্তৃপক্ষ ও তথ্য কমিশন পর্যন্ত যেতে হয়েছে।
তথ্য অধিকার আইন না মানা এবং কমিশনে শুনানিতে অংশ নিয়ে আইনটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পরও আবেদনকারীকে নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করা প্রসঙ্গে তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, এটা তথ্য গোপন করার কৌশল। কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমন গড়িমসি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।