প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এ ছাড়া সরকারি নিরীক্ষায় ধরা পড়া এক কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের এক মাসের মধ্যে কাঠগড়ায় দাঁড় করানোরও সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নের তিনটি ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সব ক্ষেত্রেই দ্রব্যসামগ্রী না কিনে ভুয়া ভাউচারের মাধ্যমে এক কোটি টাকা লোপাট করা হয়েছে। তিনি বলেন, সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহানারা বেগম ও তৎকালীন সাংসদ স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম এর সঙ্গে জড়িত ছিলেন। এই দুর্নীতির মামলা তদন্তে অর্পিত দায়িত্ব পালন না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছেও ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। এ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, এ মামলা প্রথমে সিআইডির কাছে ছিল। পরে দুদকের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সেই থেকে আজ অবধি দুদক এ মামলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে গতকালের সভায় আলী আশরাফ, মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ অংশ নেন। এ ছাড়া মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) আহমেদ আতাউল হাকিম, প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।