প্রকল্পের ব্যয় বাড়িয়ে ‘বড় দুর্নীতির’ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০০৬ সালে। কিন্তু গত পাঁচ বছরে প্রকল্পের ব্যয় বেড়েছে তিন গুণ আর কাজ হয়েছে মাত্র ১৫ শতাংশ। মূল সেতুর কাজ চার বছর ধরে বন্ধ রেখে সড়ক ও জনপথ বিভাগ ব্যস্ত ১৪ কোটি টাকার সংযোগ ও বাইপাস সড়ক নিয়ে।এলাকাবাসীর অভিযোগ, মূল কাজ বন্ধ থাকায় সড়ক ও জনপথ বিভাগের যোগসাজশে এখানে লুটপাটের এক ব্যবস্থা করা হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপরে মাটি আর বালু ফেলে উঁচু টিলা তৈরি করে লোকজনকে দেখানো সেতুর কাজ হচ্ছে। আসলে ভেতরে কাজ বন্ধ রয়েছে। সুনামগঞ্জ সওজ বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালের শেষ দিকে জেলা শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। বিএনপি সরকারের তৎ কালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ওই বছরের ৭ সেপ্টেম্বর কাজের উদ্বোধন করেন। দল ক্ষমতা ছাড়া মাস খানেক আগে ভোট সমানে রেখে অনেকটা তড়িঘড়ি করেই এ কাজের উদ্বোধন করা হয়। যে কারণে সেতুর কোনো নকশা পর্যন্ত ছিল না। মোট ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি টাকা। এক বছর ঢিমেতালে কাজ হয়। ঠিকাদার নদীর দুই তীরে দুটি পাটাতনের আংশিক নির্মাণ করে কাজ বন্ধ করে দেন। পরে নতুন করে নকশা ও ব্যয় নির্ধারণ করে আবার প্রকল্প তৈরি করা হয়। বর্তমানে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। এর মধ্যে সংযোগ সড়ক এবং এটির সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপরে দুটি কালভার্টসহ একটি বাইপাস নির্মাণের জন্য ১৪ কোটি টাকা ব্যয় ধরা আছে। এক বছর ধরে চলছে ১৪ কোটি টাকার এ কাজ। সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর কয়েক শ ফুট জায়গায় মাটি ফেলে একটি ‘উঁচু টিলা’র মতো করে রাখা হয়েছে। মূল কাজ বন্ধ রেখে সংযোগ ও বাইপাস নির্মাণকে সওজের লুটপাটের একটি কৌশল হিসেবে দেখছেন এলাকাবাসী। মল্লিকপুর ও পার্শ্ববর্তী বাসস্টেশন এলাকার কয়েকজন অভিযোগ করেন, বাইপাস ও সংযোগ সড়ক নির্মাণের নামে এখানে লুটপাট হচ্ছে। কাগজপত্রে জন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ হলেও মূলত শহরের সরকারি দলঘেষাঁ একটি প্রভাবশালী মহল এ কাজ করাচ্ছে। বিগত ছয় বছরে ১৫ শতাংশের ওপরে কাজ হয়েছে বলা যাবে না। সাবাজুল ইসলাম নামের মল্লিকপুর এলাকার এক কলেজছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মূল কাজ রেখে সংযোগ সড়ক নিয়ে টানাটানিতেই বোঝা যায়, এখানে সওজের স্বার্থ বেশি। প্রকল্পের ব্যয় বাড়িয়ে এটাকে বড় দুর্নীতির একটা ক্ষেত্র বানানো হয়েছে।’বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন মাস্টার বলেন, ‘আমাদের প্রাণের দাবি ছিল সুরমা নদীর ওপর সেতু নির্মাণ। সেতুটি হলেই পুরো উপজেলার যাতায়াতের সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু গত ছয় বছরে যে কাজ হয়েছে, তা খুবই হতাশাজনক।’সংযোগ সড়কের সঙ্গে বাইপাস নির্মাণ প্রসঙ্গে সুনামগঞ্জ সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সুনামগঞ্জ-সিলেট সড়কের সিলেট অংশের কুমারগাঁও এলাকায় সুরমা নদীর ওপর তৃতীয় শাহজালাল সেতু নির্মাণ করা হয়েছে। সেখানে শুধু সংযোগ সড়ক করা হয়েছে। এ রকম মূল সড়কের ওপর উঁচু করে কালভার্ট, ওপরে-নিচে চলাচলের ব্যবস্থার রাখার দরকার পড়েনি। অথচ সেখানে যানবাহন চলাচল এখান থেকে কয়েক গুণ বেশি। এখানে যে বাড়তি কাজ হচ্ছে, এটির আদৌ দরকার আছে বলে আমি মনে করি না।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ জানান, নতুন নকশা অনুযায়ী বাইপাস ও সংযোগ সড়কের কাজে এখন পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা বিল দেওয়া হয়েছে। সব মিলিয়ে সেতুর কাজ ৩০ শতাংশ হয়েছে দাবি করে তিনি বলেন, কাজ তিনটি ভাগে হওয়ার কথা। মূল কাজ বন্ধ আছে। আর যে কাজ হচ্ছে, তাতে কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে না।