প্রকল্পের মেয়াদ আছে ৪ মাস, কাজ হয়েছে মাত্র ২২ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক চার লেনে উন্নয়ন প্রকল্পের কাজের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। প্রকল্পের মেয়াদ মাত্র চার মাস বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র ২২ শতাংশ। ঠিকমতো অর্থায়নের অভাবে কাজ হচ্ছে না বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সম্প্রতি উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

অক্সিজেন-হাটহাজারী সড়ক হয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির মানুষ যাতায়াত করে। সড়কের চার লেনের কাজ ধীরে চলায় চট্টগ্রাম থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার একাংশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ১২৯ কোটি টাকা ব্যয়ে অক্সিজেন-হাটহাজারী সড়ক চার লেন করার কাজ শুরু হয় ২০১০ সালে জানুয়ারিতে। সড়কের দুই দিকে ২৪ ফুট করে সাড়ে ৪৮ ফুট রাস্তা চওড়া করার কথা। চার বছর মেয়াদি উন্নয়ন কাজটি পায় মহিউদ্দিন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের জন্য যোগাযোগ মন্ত্রণালয় এ পর্যন্ত মাত্র ২৬ কোটি টাকা দিয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘অর্থ ছাড়করণে দেরি হওয়ায় আমরা নির্দিষ্ট সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারছি না। পৌনে চার বছরে মাত্র ২২ শতাংশ কাজ শেষ করেছি। এই বছর আরও ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই অর্থ পাওয়া গেলে কাজ আরেকটু এগিয়ে নিতে পারব। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সওজ সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর অক্সিজেন-হাটহাজারী এই সড়কটি ব্যস্ত সড়ক হিসেবে পরিচিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গড়ে প্রতিদিন ২৬ হাজার গাড়ি চলাচল করে। আর অক্সিজেন-হাটহাজারী অংশে চলাচল করে ১৮ হাজার। এর মধ্যে পাঁচ হাজার ট্রাক, পাঁচ শতাধিক বাস এবং বাকিগুলো সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কার। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের নির্বাচনী এলাকা হাটহাজারী। প্রকল্পটি নির্দিষ্ট সময় শেষ করতে তিনিও মন্ত্রণালয়ে গিয়ে তাগাদা দিচ্ছেন। কিন্তু টাকা ছাড়করণের অবস্থা দেখে তিনি নিজেও হতাশ। এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘১২৯ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় মাত্র ২৬ কোটি টাকা দিয়েছে। এই টাকা দিয়ে কি নির্দিষ্ট সময় প্রকল্প বাস্তবায়ন সম্ভব? এতে শুধু প্রকল্প ব্যয় বাড়ছে।’ অক্সিজেন-হাটহাজারী সড়ক ঘুরে দেখা গেছে, প্রকল্পের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি গাছবোঝাই ট্রাক ও বাসসহ অন্যান্য গাড়ি দীর্ঘ যানজটে আটকে আছে। বিশেষ করে চৌধুরীহাট, বড়দীঘিরপাড়, আমানবাজার ও অক্সিজেন মোড় এলাকায় অসহনীয় যানজট। অক্সিজেন থেকে হাটহাজারী যেতে আগে ২৫ মিনিট লাগত। এখন লাগছে এক ঘণ্টার বেশি।

গাছবোঝাই ট্রাকচালক কামালউদ্দিন বলেন, ‘চার বছর আগে কাজ শুরু হয়েছে। কাজের কোনো অগ্রগতি তো দেখছি না। আরও অনেক বছর লাগবে বলে মনে হচ্ছে।’ সড়ক ঘুরে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটি থাকায় মদনহাট, চৌধুরীহাট ও আমানবাজার এলাকায় কার্পেটিং করা যাচ্ছে না। এই অংশে রাস্তা চওড়া করতে মাটি ভরাটের কাজ প্রায় শেষ হয়েছে।

বিদ্যুতের খুঁটি সরানো হলে অন্তত তিন কিলোমিটার সড়ক চওড়ার কাজ গুছিয়ে আনা যাবে। দীর্ঘদিন পিডিবি কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে পাঁচ শতাধিক খুঁটি সরানো যায়নি। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি খুঁটি সরানোর জন্য দরপত্র আহ্বান করেছে।

সওজের প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ‘খুঁটি সরানোর জন্য পিডিবিকে ১০ কোটি ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। ওরা দরপত্র আহ্বান করেছে শুনেছি। খুঁটি সরানো হলে সড়কের কিছু অংশ কার্পেটিং করা হবে।’

অভিযোগ উঠেছে, পিডিবির দরপত্রে অনিয়ম হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা ভাগ-বাঁটোয়ারা করে কাজ হাতিয়ে নিয়েছেন। দরপত্র ভাগ-বাঁটোয়ারার কাজে তালিকাভুক্ত সন্ত্রাসী ও যুবলীগের আবদুল কাদের ওরফে মাছ কাদেরের ইন্ধন রয়েছে।

তবে আবদুল কাদের ভাগ-বাঁটোয়ারায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ‘সমঝোতার মাধ্যমে সাতটি প্রতিষ্ঠান খুঁটি সরানোর কাজ হাতিয়ে নিয়েছে। হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে এই সমঝোতা হয়। সেখানে আমাদের দলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি ও জাসদের লোকজন ছিল। আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম।’