প্রকল্পের মেয়াদ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ও মৃত্যুনিবন্ধন চালু রাখতে সরকার রাজস্ব বাজেটের আওতায় পৃথক ইউনিট চালু করবে। নিবন্ধন প্রকল্পের আওতায় এই ইউনিট গঠনে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।গতকাল সোমবার ইউনিসেফের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পের তৃতীয় পর্যায় ধরে এর মেয়াদ দুই বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পে ইউনিসেফ ২০০১ সাল থেকে সহায়তা দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এটি দিশারি প্রকল্প হিসেবে চালু ছিল। ২০০৭ সাল থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়। প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রকল্পের ওপর নির্ভর না করে সরকারের রাজস্ব বাজেটে জন্ম ও মৃত্যুনিবন্ধন মনিটরিং ইউনিট গড়ে তোলা প্রয়োজন। প্রকল্প সূত্র বলছে, দেশে বর্তমানে জন্মনিবন্ধনের হার ৯৭ শতাংশের বেশি। হাতে লিখে এ পর্যন্ত ১৪ কোটি ৫০ লাখের বেশি জন্মনিবন্ধন হয়েছে। গত জুন পর্যন্ত ৫০ লাখের বেশি মৃত্যুনিবন্ধন হয়েছে। নিবন্ধন করা তথ্য এবং নতুন করে অনলাইনে নিবন্ধন সনদপ্রাপ্তদের তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে গত বছর ২৯টি জেলায় তথ্য সংরক্ষণ কাজ ও অনলাইনে নিবন্ধন শুরু হয়। আটটি জেলায় এ কাজ শতভাগ শেষ হয়েছে।সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন অনুযায়ী জন্মের ৪৫ ও মৃত্যুর ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য জানাতে বাধ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করলে ১৮ বছরের কম বয়সীরা বিনা মূল্যে এবং ১৮ বছরের বেশি বয়সীরা ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে পারবেন।আইন অনুযায়ী পাসপোর্ট পেতে, বিবাহ নিবন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে, চাকরিতে নিয়োগ পেতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, ভোটার তালিকা তৈরিতে এবং জমি নিবন্ধনে জন্মসনদ ব্যবহার বাধ্যতামূলক। অন্যদিকে বিধিমালা অনুযায়ী ব্যাংক হিসাব, আমদানি ও রপ্তানি লাইসেন্স, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ-সংযোগসহ ১৬টি সেবা পাওয়ার ক্ষেত্রে এ সনদ জরুরি। প্রকল্পের উপপরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সব ক্ষেত্রে বাধ্যতামূলক হলেও পাসপোর্ট ও স্কুলে ভর্তির ক্ষেত্রে সনদের ব্যবহার বেশি হচ্ছে। অনেকের ধারণা, ভোটার আইডি কার্ড বা এসএসসি পাসের সনদ থাকলে জন্মনিবন্ধনের প্রয়োজন নেই। কেউ মনে করেন, জন্মনিবন্ধন শুধু শিশুদের দরকার।