প্রকল্পের মেয়াদ শেষ কাজ শুরুর আগেই!
দরপত্রের সময়সূচি অনুযায়ী প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশন এখনো শুরুই করতে পারেনি তিন সড়কের কার্পেটিং ও সম্প্রসারণ এবং দুটি সেতুর উন্নয়নকাজ। বাংলাদেশ রেলওয়ের অনুমতি না পাওয়ায় ঠিকাদারদের জায়গা বুঝিয়ে দিতে পারছে না সংস্থাটি।
এদিকে রেলওয়ের জায়গায় সড়ক সম্প্রসারণের কাজ স্থগিত রাখতে করপোরেশনের প্রধান প্রকৌশলীকে গত ১৮ ডিসেম্বর চিঠি দেন রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) এ কে এম মাহবুব উল আলম। চিঠিতে করপোরেশনকে মাঠপর্যায়ে আর কোনো কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।
উন্নয়ন প্রকল্পগুলো হলো চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক থেকে রেলওয়ে ওয়ার্কশপ ক্যানটিন পর্যন্ত অবস্থিত পাহাড়তলী কলেজ সড়কের ৩০ ফুট প্রশস্ত ও রাস্তা মেরামত, টাইগারপাস থেকে পাহাড়তলী পুলিশ বিট পর্যন্ত সড়ক ২৫ ফুট প্রশস্ত ও মেরামত এবং পাহাড়তলী পুলিশ বিট থেকে জাকির হোসেন সড়ক পর্যন্ত ৩০ ফুট চওড়া করাসহ মেরামতের কাজ। এ ছাড়া শেষের দুটি সড়কের মধ্যবর্তী এলাকায় সেতু নির্মাণ করা হবে।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘এসব প্রকল্পের নির্মাণকাজ সম্পর্কে রেলওয়ে আমাদের একটি চিঠি দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমে যেত। তাই প্রকল্প বাস্তবায়নের জন্য আমি রেলওয়েসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এসব উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে প্রায় ছয় কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব প্রকল্প বাস্তবায়িত হবে। এ জন্য সড়ক প্রশস্তকরণ ও মেরামতের জন্য আটটি এবং সেতু নির্মাণের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) এ কে এম মাহবুব উল আলম বলেন, ‘রেলওয়ের জায়গায় প্রকল্প নেওয়া হলেও আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি। তাই আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’
২০১১ সালের আইসিসি বিশ্বকাপ উপলক্ষে যানজট নিরসনের জন্য এসব সড়ক উন্নয়নের উদ্যোগ নেয় করপোরেশন। অবশ্য ওই সময় এসব প্রকল্পের অনুমোদন পাওয়া যায়নি। পরে তৎকালীন মন্ত্রী আফছারুল আমীনের হস্তক্ষেপে অনুমোদন দেওয়া হয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ প্রথম আলোকে বলেন, ‘প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছে অনেক আগেই। কিন্তু রেলওয়ে তাদের জমি ছাড়তে রাজি না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।’
কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ এ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন বলেন, ‘আমদের কার্যাদেশ দেওয়া হলেও জায়গা বুঝিয়ে দিতে পারেনি। তাই আমরা কাজ শুরু করতে পারছি না।’