প্রকল্পের শ্রমিকদের মারধর করলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা না দেওয়ায় যুবলীগের স্থানীয় এক নেতা একটি প্রকল্পের শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন শ্রমিক আহত হয়েছেন।গত শনিবার দুপুরে গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আইআরডিপি প্রকল্পের অধীনে ২০১২-১৩ অর্থবছরে গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কসবা থেকে বানিয়াশুরী-বাদামতলা পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৩৩ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প গ্রহণ করা হয়। গত মে মাসে ‘মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারকের দায়িত্বে নিয়োজিত সানজিদুল কবির জানান, ১০ জুন তিনি শ্রমিকদের নিয়ে প্রকল্পের কাজ শুরু করেন। সানজিদুল কবির অভিযোগ করেন, ১২ জুন সকালে গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নম্বর চাদশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিলন হাওলাদার তাঁর ৮-১০ জন সমর্থককে নিয়ে প্রকল্প এলাকায় আসেন। এ সময় তিনি সানজিদুলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তিনি কর্মরত পাঁচজন শ্রমিককে মারধর করে সাত দিনের মধ্যে চাঁদা দেওয়ার নির্দেশ দিয়ে চলে যান।প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিলন হাওলাদারের নেতৃত্বে যুবলীগের ৮-১০ জন নেতা-কর্মী প্রকল্প এলাকায় এসে ঠিকাদারকে খুঁজতে থাকেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁরা শ্রমিকদের ওপর হামলা চালান। তাঁরা সালাউদ্দিন, রফিকুল হক ও আলীম নামের তিন শ্রমিককে পিটিয়ে জখম করে প্রকল্পের কাজ বন্ধ করে দেন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত শ্রমিকদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিলন হাওলাদারসহ ১০ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মিলন হাওলাদার বলেন, নিম্নমানের কাজে বাধা দেওয়ায় ঠিকাদারের লোকজন চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেছেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।