প্রকল্পের সময় বাড়ে, ব্যয়ও বাড়ে
রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে ৫ কাঠার প্লটের জন্য ২০০১ সালে আবেদন করে তিন বছর পর বরাদ্দ পান অবসরপ্রাপ্ত চাকরিজীবী রফিকুল ইসলাম। দুই কিস্তির টাকাও পরিশোধ করেছেন। এরপর আর খবর নেই। বারবার ধরনা দিয়েছেন। সম্প্রতি রাজউক ভবনে গিয়ে জেনেছেন, তাঁর পাওয়া ২১ নম্বর সেক্টরের প্লটটির এখন পর্যন্ত বাস্তবে কোনো উন্নয়নই হয়নি।
রফিকুল ইসলাম প্রথম আলোর কাছে দুঃখ করে বলেন, ‘সারা জীবনের সঞ্চয় দিয়ে প্লট পেয়েছি। নিজে বসবাস করতে পারব এমন আশা আর নেই।’ রাজউকের দুজন দালাল তাঁকে বলেছেন, রেজিস্ট্রেশন করে প্ল্যান পাস করার দায়িত্ব তাঁদের দিলে দ্রুত কাজ হয়ে যাবে। কিন্তু প্লটই যেহেতু তৈরি হয়নি, শুধু কাগজ দিয়ে তিনি কী করবেন?
রফিকুল ইসলামের কথার সত্যতা পাওয়া যায় গত ৩০ অক্টোবর পূর্বাচল প্রকল্পের ২১ নম্বর সেক্টর এলাকায় গিয়ে। কুড়িল উড়ালসড়ক থেকে ৩০০ ফুট রাস্তা ধরে প্রায় ১৪ কিলোমিটার পূর্ব দিকে জিন্দা পার্ক। তার দক্ষিণ প্রান্তে এই সেক্টর। বড় বড় ঘাসে ঢাকা নামফলকটি লক্ষ না করলে চেনার উপায় নেই যে এখানে কোনো প্লট থাকতে পারে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল ও উত্তরা আবাসন প্রকল্পে প্লট পাওয়া এ রকম শত শত লোক রফিকুল ইসলামের মতো হতাশায় ভুগছেন। অথচ তাঁদের টাকা দিয়েই প্রকল্পের জমির দাম পরিশোধ করেছে রাজউক।
শুধু রাজউক নয়, ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাদের প্রকল্প সময়মতো শেষ করতে পারছে না। তাই প্রকল্প ব্যয়ও এখন অনেক বেড়েছে। এভাবে চারটি সরকারি সংস্থার ১৪টি প্রকল্পে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা বাড়তি খরচ হয়েছে। ২০ বছরেও শেষ হয়নি এমন প্রকল্পও এগুলোর মধ্যে আছে।
১৪ প্রকল্পের মধ্যে পূর্বাচল ছাড়াও রয়েছে রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্প, ঝিলমিল আবাসিক প্রকল্প, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প, গুলশান লেক প্রকল্প, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার, পদ্মা শোধনাগার, মেঘনা পানি শোধনাগার ও দাশেরকান্দি পয়োশোধনাগার এবং ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও এলজিইডির মগবাজার-মৌচাক ফ্লাইওভার।
রাজউকের প্রকল্পগুলোয় গ্রাহকেরা প্রায় ৮৫ শতাংশ টাকা পরিশোধ করলেও প্রকল্পের গড় অগ্রগতি এখন পর্যন্ত ৬০ শতাংশ। পূর্বাচল প্রকল্পে পানি সরবরাহের লাইন বসানোর জন্য গত ১০ সেপ্টেম্বর, অর্থাৎ কাজ শুরুর ১৭ বছর পর ওয়াসার সঙ্গে চুক্তি হয়েছে। ২০ বছর আগের উত্তরা তৃতীয় প্রকল্পে পানির লাইন হয়নি। কয়েকটি প্রকল্পে বিদ্যুতের খুঁটি বসলেও লাইন টানা হয়নি। রাজউকসহ প্রকল্পকারী কর্তৃপক্ষগুলো ব্যয় বাড়ার কারণ হিসেবে জমি অধিগ্রহণে সমস্যা, সেবা সংস্থাগুলোর অসহযোগিতা, রাস্তাঘাট ও লেক উন্নয়ন এবং কাজ শুরুর অনেক পরে সেতু যুক্ত হওয়ার কথা বলছে। তবে বাস্তবে দেখা গেছে, বিভিন্ন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতা ও সময়ক্ষেপণের প্রবণতাই বেশি।
রাজউকের ৫ প্রকল্পে বাড়তি খরচ ৮৬০৩ কোটি টাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জে রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের অনুমোদন হয় ২০০৫ সালে | ৩ হাজার কোটি টাকার উন্নয়ন ও নির্মাণ ব্যয় পরে বেড়ে যায় ৭ হাজার ৭০০ কোটি টাকা।
উত্তরা প্রকল্পের তৃতীয় পর্বের (আদর্শনগর) প্রাথমিক কাজ শুরু হয় ১৯৯৭ সালে। ওই সময়ে আবেদন করেছিলেন কল্যাণপুরের বাসিন্দা ব্যবসায়ী আলম মজুমদার। ২০০৫ সালে ১৭ নম্বর সেক্টরে তিন কাঠার একটি প্লট পাওয়ার পর তিনি যথাসময়ে কিস্তির টাকা পরিশোধ করেন। বুঝে পান তিন বছর আগে। আলম বলেন, মাটি ভরাট করার জন্য তিনি এক বছরে অন্তত ১৫ বার রাজউক ভবনে এবং উত্তরা কার্যালয়ে ধরনা দিয়েছেন, কিন্তু ভরাট করা হয়নি। পরে দখল হয়ে যাওয়া এবং নিরাপত্তার কথা চিন্তা করে নিজেই ভরাট করে দেয়াল দিয়েছেন। উত্তরা ১৫ থেকে ১৮ নম্বর সেক্টর পর্যন্ত প্রায় দেড় হাজার একর আয়তনের এই প্রকল্পের শুরুতে ব্যয় ছিল ২ হাজার ৮০ কোটি টাকা। এখন হয়েছে ২ হাজার ৩৪০ কোটি টাকা।
কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পের উন্নয়নকাজ শুরু হয় ১৯৯৯ সালে। মাত্র ৪০০ একর জমির ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে প্রথমে বাজেট ছিল ১৩৬ কোটি টাকা। পরে ৩৩৫ কোটি টাকা ব্যয় বেড়ে বাড়তি যোগ হয় ১৯৯ কোটি টাকা। ২০১৪ সালে এই প্রকল্পের সড়ক ও বিভাজক নির্মাণের কাজ শেষ হলেও রক্ষণাবেক্ষণের অভাবে বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। প্রকল্প এলাকায় এখন পর্যন্ত পানি, বিদ্যুৎ, গ্যাসের লাইন বসেনি। এই অবস্থাতেই প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। বাকি কাজের জন্য নতুন করে ডিপিপি (প্রকল্প সারপত্র) জমা দিতে হবে, যার ব্যয় ধরা হচ্ছে ৫০০ কোটি টাকা।
২০০৮ সালে উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয় ২০১১ সালে। প্রায় ৯ হাজার ৩১ কোটি টাকা ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ১০ হাজার ৯০২ কোটি টাকা।
গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় ২০১০ সালে। ওই সময়ে প্রকল্প এলাকায় ৮০ একর জমির দাম ছিল প্রায় ৯০০ কোটি টাকা। কিন্তু প্রয়োজনীয় জমি অধিগ্রহণ না করেই কাজ শুরু করে দেওয়া হয়। সাত বছরে খরচ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা।
যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেন, পূর্বাচল ও উত্তরা প্রকল্পে জমি অধিগ্রহণে প্রচুর সময় চলে যায়। বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহের লাইন বসানোর জন্য সেবা সংস্থাগুলোর কাছে বছরের পর বছর ধরনা দিতে হয়েছে, এখনো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে উপকরণ বাড়ানোর জন্য নকশা পরিবর্তনেও প্রচুর সময় গেছে। তবে কাজে দেরি হওয়া এবং ব্যয় বেড়ে যাওয়ার পেছনে যে রাজউকের একেবারেই ভূমিকা নেই, তা-ও বলা যাবে না। এখন প্রকল্প শেষ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা ওয়াসার ৭ প্রকল্পে যোগ ৩ হাজার ৮৪ কোটি টাকা
সায়েদাবাদ পানি শোধানাগারের বিশুদ্ধ পানি পাবেন বলে ১৯৯৭ সাল থেকে অপেক্ষা করেছিলেন আরকে মিশন রোডের বাসিন্দা আবদুল হামিদসহ হাজার হাজার মানুষ। পাঁচ বছর পর যখন সায়েদাবাদ শোধনাগার চালু হলো, এলাকাবাসীর ভাগ্যের পরিবর্তন হলো না। ভালো পানি আসে না। এখনো-সেখানে এবং আশপাশের পুরো এলাকায় পানিতে দুর্গন্ধ। এই সময়ের মধ্যে প্রকল্পের দ্বিতীয় পর্বের পানিও যুক্ত হয়েছে।
আবদুল হামিদ ক্ষোভ জানিয়ে বলেন, এত টাকা খরচ করে পানি শোধনাগার হয়, অথচ পানির সরবরাহ হয় ৬০ বছরের পুরোনো পাইপে। ফাটা পাইপে ময়লা ঢোকে।
রাজধানীবাসীর পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা বিশুদ্ধ এবং ভূ-উপরিস্থ পানি সরবরাহের জন্য বড় বড় প্রকল্পের স্বপ্ন দেখাচ্ছে ২৭ বছর ধরে। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর থেকে এ ধরনের সাতটি প্রকল্পের কথা বলা হয়। এত বছরে সায়েদাবাদের দুটি মাত্র চালু হয়েছে। বাকিগুলোর ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সায়েদাবাদেও নদীর পানির দূষণ কমাতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে প্রাকশোধন যন্ত্র বসানো হয়।
সায়েদাবাদ প্রথম প্রকল্প চালুর সময়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসা ঘোষণা দেয়, তিন বছরের মধ্যে শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করা হবে। কিন্তু আট বছর পর কাজ শুরু হয়ে শেষ হয় ২০১২ সালের ডিসেম্বরে। সাড়ে ৭০০ কোটি টাকার জায়গায় খরচ হয় ১ হাজার ১৪০ কোটি টাকা।
সায়েদাবাদ দ্বিতীয় প্রকল্প ছাড়াও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওয়াসা সহসাই কাজে হাত দেওয়ার ঘোষণা দেয় অন্তত চারটি প্রকল্পের। এর মধ্যে একটি সায়েদাবাদ তৃতীয় প্রকল্প। যদিও দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বাস্তব ক্ষেত্রে তৃতীয়টির কাজ শুরুর কথা। বাস্তবে কাজ শুরুই হয়নি। ৪ হাজার কোটি টাকা খরচের একটি হিসাব করা হয়েছে।
২০০২ সালে পরিকল্পনা নেওয়া হয়েছিল পদ্মা নদীর পানি ব্যবহার করে পাগলা শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হবে। হিসাব করা হয়েছিল ১ হাজার কোটি টাকার। ২০০৯ সালে প্রকল্পস্থল ঠিক হয় মাওয়া-কেরানীগঞ্জে। নতুন নামকরণ করা হয় পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্প। ২ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যয় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।
নারায়ণগঞ্জের গন্ধর্বপুরে মেঘনা শোধনাগার (উৎপাদন প্রতিদিন ৫০ কোটি লিটার) কাজ শুরুর কথা চলছে ২০০৯ সাল থেকে। ২০১৩ সালে খরচের হিসাব ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকা। ৮ বছরে ব্যয় বেড়ে কত দাঁড়াতে পারে, এখনো হিসাব করা হয়নি।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘আমরা শুধু পরিকল্পনার মধ্যে বসে নেই। আমরা বাস্তবায়নযোগ্য কাজের মধ্যেও আছি। পদ্মা পানি শোধনাগারের কাজের অগ্রগতি অনেক। অন্য প্রকল্পগুলোরও নিশ্চয়ই অগ্রগতি আছে। সময়মতো জমি অধিগ্রহণ না হওয়া এবং উপযুক্ত দাতা সংস্থা পেতে অনেক সমস্যা হওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে যায়।’
উড়ালসড়কে বাড়তি খরচ
৫ নভেম্বর বিকেলে মেঘনা ঘাট থেকে লোকাল বাসে ঢাকায় ফিরছিলেন ওয়ারীর বাসিন্দা মীর লোকমান হোসেন। যাত্রাবাড়ীর কাছে কুতুবখালী থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে না উঠে বাসটি চলল নিচের রাস্তা ধরে। কিন্তু এগোতে পারল না। রাস্তাটি এতই সংকুচিত যে একটির বেশি বাস ধরে না। অবশেষে বাসটি ওয়ারী-সংলগ্ন জয় কালীমন্দিরে পৌঁছাল আড়াই ঘণ্টা পর।
লোকমান হোসেন বললেন, আগে যানজট থাকলেও এই পথে এক ঘণ্টায় আসা যেত। যানজট নিরসনের কথা বলে নির্মাণ করা হয়েছিল উড়ালসড়ক। এখন যানজট আরও বেড়েছে।
ঢাকা সিটি করপোরেশনের গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু হয় ২০০৩ সালে বিএনপি জোট সরকারের আমলে। খরচের হিসাব ছিল ৬৭০ কোটি টাকা। মাঝে দীর্ঘ বিরতি। ২০১০ সালে বর্তমান সরকারের আমলে যখন নতুন করে কাজ শুরু হয়, খরচ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৭৯ কোটি টাকা।
মগবাজার-মৌচাক উড়ালসড়কের অবস্থা আরও খারাপ। গত ২৬ অক্টোবর পুরোপুরি চালু হওয়ার পর থেকে মৌচাক, বাংলামোটর এলাকায় ওপরে ও নিচে দীর্ঘ সময় যানজট থাকছে। যানজট কমাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০১১ সালে এই উড়ালসড়কের কাজ শুরু হয়। প্রথমে বাজেট ছিল ৭৭২ কোটি টাকা। বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১৮ কোটি টাকা।
ব্যয় বাড়ার বিষয়ে প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল বলেন, সময় ও কাজ বেড়ে যাওয়ায় খরচও বাড়ে। কাজ শুরুর পর নকশা পরিবর্তন করতে গিয়ে পাইলের সংখ্যা বাড়াতে হয়। হাতিরঝিল-সোনারগাঁও লুপের দৈর্ঘ্য বাড়ানোর কারণেও খরচ বাড়ে।
সময়মতো কাজ না হওয়া এবং ব্যয় অনেক বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এটা এখন অনেকটা নিয়মে পরিণত হয়েছে যে প্রথমে একটি নির্ধারিত অঙ্কের টাকায় প্রকল্প অনুমোদন করিয়ে নেওয়া হয়। পরে খেয়ালখুশিমতো কাজ করে যেকোনোভাবে ব্যয় বাড়িয়ে নেওয়া হয়। কারণ ব্যয় যত বাড়বে, ততই অসাধু ব্যক্তিদের লাভ।