প্রকল্পের স্বচ্ছতার জন্য কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প যথাযথভাবে নেওয়া হয়েছে কি না—তা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল বুধবার মন্ত্রণালয়ের অধীন সড়ক, রেল ও সেতু বিভাগের সচিবদের চিঠি দিয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী। কমিটিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সরকারের ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিট ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। কমিটি বিভিন্ন বাস্তবায়নাধীন প্রকল্পের দরপত্র-প্রক্রিয়া স্বচ্ছভাবে করা হয়েছে কি না এবং এর ব্যয়ের স্বচ্ছতা পর্যালোচনা করে সুপারিশ করবে। গত মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছর আগে সংস্থাটি সততা চুক্তির একটি রূপরেখা প্রস্তাব যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠালে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এই বিষয়ে গতকাল সচিবদের দেওয়া চিঠিতে মন্ত্রী টিআইবির অভিযোগের জবাব চান। একই সঙ্গে টিআইবির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব পাওয়া গিয়েছিল কি না, পেলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন।