প্রকাশ হলো গণিতের জাদু

গণিতকে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে ভূমিকা রাখবে ‘গণিতের জাদু’। গণিতের নানা দিক খুব সহজ-সরল ভাষায় চমত্কারভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম রচিত ‘গণিতের জাদু’ বইয়ের প্রকাশনা উত্সবে এসব কথা বলেছেন দেশ-সেরা গণিতবিদ ও বিশিষ্টজনেরা। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘প্রথমা প্রকাশনের’ এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়।
প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক গণিতবিদ খোদাদাদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোচ মাহবুব মজুমদার এবং বইয়ের লেখক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের প্রধান অরুপ কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি সবার জন্যই উপযোগী। সবাইকে গণিতে আকৃষ্ট করতে, চিন্তাশীলতা তৈরিতে বইটি ভূমিকা রাখবে বলে মনে করেন তাঁরা।