প্রকাশক ফয়সল হত্যার পূর্ণ তদন্ত চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও সাম্প্রতিক সময়ের সব ব্লগার হত্যার পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
সোমবার নিউইয়র্কে (বাংলাদেশ সময় মঙ্গলবার) জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। এ ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বানও জানিয়েছেন তিনি।
স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে আমরা যে প্রকাশককে হত্যা করতে দেখেছি, আমাদের অবশ্যই তার তীব্র নিন্দা জানানো উচিত।’
সাংবাদিক হত্যা-সংক্রান্ত তথ্য উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের বরাত দিয়ে মুখপাত্র বলেন, গত ১০ বছরে বিশ্বে সাত শর বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ শতাংশ সাংবাদিক হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রতি ১০টি হত্যাকাণ্ডের মধ্যে একটিরও কম ঘটনায় পূর্ণ তদন্ত হয়েছে।
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর জাতিসংঘ জোর দিয়েছে জানিয়ে ওই মুখপাত্র বলেন, সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে প্রতিবেদন তৈরি করতে পারেন, এমন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববাসীকে আরও কাজ করতে হবে।
দেশে প্রকাশক হত্যা ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। গতকাল দেওয়া এক বিবৃতিতে সিপিজের এশিয়া প্রোগ্রাম রিসার্চ অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা বলেন, ‘বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের ওপর যে হামলা হচ্ছে, তা এখন এ ধরনের ভিন্নমত প্রকাশের সহায়তাকারীদের ওপরও প্রসারিত হয়েছে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চরমপন্থীদের বিচারের আওতায় আনার জন্য স্পষ্ট ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সিপিজের প্রকাশিত সর্বশেষ সূচকে সাংবাদিকদের ওপর আক্রমণের বিচার না হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। যেসব দেশে সাংবাদিকদের হত্যার পর বিচার হয় না—সেসব দেশ নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। ব্লগারদের একের পর এক হামলা চলতে থাকার কারণে ২০১১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের অবস্থান এই তালিকায় এসেছে।