প্রকাশক ফয়সল হত্যায় একজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ৩১ অক্টোবর বিকেলে দুর্বৃত্তরা শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীতে ঢুকে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিনকে (৪৩) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহবাগ থানায় হওয়া হত্যা মামলাটি তদন্ত করছে ডিবি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ডিবি পুলিশ ফয়সল হত্যায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করেছে। এ ব্যাপারে ডিবি পুলিশ শুক্রবার ভোরে ফেনীর সোনাগাজীর তারাকুচা গ্রাম থেকে মুফতি জাহিদ হাসান ওরফে মারুফ নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে। পরে জাহিদকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গতকাল শনিবার ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে’ জাতীয় প্রেসক্লাবে ‘মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা বাংলাদেশে নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা একাত্তরের পরাজিত শক্তি, তারাই আইএস, তারাই জঙ্গি, তারাই জামায়াত-শিবির।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ডিবির কাছে তথ্য রয়েছে ফয়সল হত্যায় শনাক্ত হওয়া ব্যক্তি সম্পর্কে জাহিদ হাসান অনেক কিছু জানেন। এ জন্য জাহিদ হাসানকে আটক করা হয়েছে। তাঁর তথ্যের ভিত্তিতে ওই সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গোড়ানে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায়ও একই সন্দেহভাজন ব্যক্তি জড়িত বলে ডিবির কাছে তথ্য রয়েছে।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, এক আসামিকে শনাক্ত করতে মাদ্রাসাশিক্ষক জাহিদকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এদিকে প্রকাশক ফয়সল হত্যার কাছাকাছি সময় ওই দিন লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশনা সংস্থাটির মালিক আহমেদুর রশীদ চৌধুরী ওরফ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। হামলায় আহত আহমেদুর রশীদ, লেখক সুদীপ কুমার বর্মণ ওরফে রণদীপম বসু ও প্রকৌশলী তারেক রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। ডিএমপির মুখপাত্র মো. মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, প্রকাশক ফয়সল ও শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা একই গোত্রের লোকজনের কাজ।