প্রকাশক সৈয়দ মোহাম্মদ শফী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বনামধন্য প্রকাশক সৈয়দ মোহাম্মদ শফী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি ওই হাসপাতালে ভর্তি হন।
তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের শ্বশুর।
সৈয়দ মোহাম্মদ শফী চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বইঘরের প্রতিষ্ঠাতা, দি আর্ট প্রেসের স্বত্বাধিকারী ও শিশুসাহিত্য বিতানের প্রতিষ্ঠাতা। তিনি প্রথম শিশুসাহিত্য-বিষয়ক কিশোর ম্যাগাজিন টাপুর-টুপুর ও প্রথম রম্য পত্রিকা অন্তরঙ্গ-এর প্রকাশক ছিলেন।
সৈয়দ শফী ১৯৮১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ‘দি বেস্ট পাবলিশার’ স্বর্ণপদক, ইউনেসকোর ‘প্রকাশক’ এবং এশিয়ার প্রথম নাগরিক হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল কর্তৃক ‘কি অব স্টেট’ পদক পান। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন।
সৈয়দ শফীর জানাজা গতকাল বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতিও শোক প্রকাশ করেছে।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ষাটের দশকে তৎকালীন পাকিস্তান আমলে বাংলাদেশের প্রকাশনাশিল্পের নতুন যুগের সূচনা করেছিলেন তিনি (সৈয়দ শফী)। তাঁর প্রকাশনা সংস্থা বইঘরের মাধ্যমে ওই সময়ে চট্টগ্রাম থেকেই দুই বাংলার সাহিত্যিকদের বই প্রকাশ হতো।