প্রকাশক হত্যায় জাতিসংঘের নিন্দা
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং ব্লগারদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতিটি পর্যায় থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো উচিত, যাতে পরবর্তী হামলা এড়ানো যায়। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। যেসব নাগরিক ঝুঁকির মধ্যে আছেন, কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, ফয়সাল আরেফিনকে হত্যা, আহমেদুর রশীদ টুটুল, তারেক রহীম ও রণদীপম বসুর ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ ও ভয়ভীতি প্রদর্শনই এই হামলার লক্ষ্য।
রবার্ট গিবসনের নিন্দা
কূটনৈতিক প্রতিবেদক জানান, বাংলাদেশে ব্লগারদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। তিনি গতকাল সন্ধ্যায় ব্লগারদের ওপর হামলা ও সহিংসতার নিন্দা জানিয়ে টুইট করেন। রবার্ট গিবসন তাঁর টুইটে লেখেন, ‘আবারও ব্লগারদের ওপর হামলার নিন্দা জানাই। সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না কিংবা কোনো অবস্থাতেই সহিংসতা মেনে নেওয়া যায় না। মুক্ত মত প্রকাশের সুরক্ষা করা জরুরি।’