প্রকাশক হত্যার ঘটনায় নিউইয়র্কে তীব্র প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় দুর্বৃত্তদের জোড়া হামলায় এক প্রকাশক হত্যা এবং আরেক প্রকাশকসহ দুই কবি ও ব্লগারকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করেছে নিউইয়র্কের প্রবাসী বাঙালি সমাজ।
ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় স্বতঃস্ফূর্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের গণজাগরণ মঞ্চ ও ঘাতক-দালাল নির্মূল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা দিতে ‘সরকারের ব্যর্থতায়’ গভীর হতাশা ও ক্ষোভ জানান।
মুক্তবুদ্ধির ওপর অব্যাহত হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপরই হামলা—সে কথা উল্লেখ করে সমাবেশে উপস্থিত বাংলাদেশি-আমেরিকান নাগরিকেরা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির ঐক্যের ওপর জোর দেন। তাঁরা বলেন, সরকারকে মুক্ত–চিন্তার মানুষের নিরাপত্তা ও কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় মৌলবাদী শক্তি দেশকে আরও অস্থিতিশীল করে তুলবে।
সমাবেশের বক্তারা যেকোনো মূল্যে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী কয়েক দিনের ভেতর যুক্তরাষ্ট্রে বড় আকারে গণজমায়েত ও বিক্ষোভ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।