প্রকাশক হত্যায় লন্ডনে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ। ছবি: তবারুকুল ইসলাম, লন্ডন
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ। ছবি: তবারুকুল ইসলাম, লন্ডন

বাংলাদেশে এক প্রকাশক হত্যা এবং আরেক প্রকাশক ও দুই লেখককে কুপিয়ে আহত করার প্রতিবাদ হয়েছে লন্ডনে। আজ রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন যুক্তরাজ্যে বিভিন্ন বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্রিটিশ মূলধারার মানবাধিকার কর্মীরাও এতে যোগ দেন। বাংলাদেশি ব্লগার অ্যালায়েন্স, সচলায়তন এবং ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম ওই প্রতিবাদ সভার আয়োজন করে।
সমাবেশে বক্তার বলেন, একই কায়দায় একের পর এক মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হলেও এর কোনো বিচার দেশে হচ্ছে না। উল্টো তদন্তের আগেই সরকার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর কারণে প্রকৃত হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
বক্তারা বলেন, এত দিন মুক্তচিন্তার লেখকদের হত্যা করা হয়েছে। এখন মুক্তচিন্তার বইয়ের প্রকাশকদের হত্যা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে মুক্তচিন্তার বইয়ের পাঠকদেরও হত্যা করা হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
তাঁরা বলেন, এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হলে মৌলবাদকে রাজনৈতিক আশ্রয় প্রদান বন্ধ করতে হবে। একই সঙ্গে ধর্ম, ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রকে পুঁজি করে রাজনীতি চলতে পারে না।
বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা। নিহত সকল ব্লগার ও প্রকাশকের স্মরণে তাঁরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো তাদের অনলাইন সংস্করণে ফলাও করে বাংলাদেশে গত শনিবারের নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশ করেছে। কোনো কোনো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, শুধুমাত্র চলতি বছরে চারজন ব্লগার হত্যার ঘটনা জানান দেয় যে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের ঝুঁকি বেড়ে গেছে।

যুক্তরাজ্যপ্রবাসী ব্লগার আরিফুর রহমান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, মুক্ত চিন্তার বই প্রকাশ করার কারণে প্রকাশকদের ওপর এই হামলা হয়ে থাকতে পারে। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় কোনো বিচার হয়নি জানিয়ে তিনি বলেন, কেবল দু-একটি ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর আগে যে হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মাত্র কিছুদিন আগে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ফলে বিচারের ব্যাপারে কালক্ষেপণ করা হচ্ছে। তিনি বলেন, ‘তারা (সরকার) সবকিছুর দায় বিরোধী পক্ষের ওপর চাপাচ্ছে। বাংলাদেশে ইসলামিক উগ্রবাদের ঝুঁকি বাড়ছে এ বিষয়টি তারা (সরকার) স্বীকারও করতে রাজি নয়। দুর্ভাগ্যজনকভাবে সরকার এবং আওয়ামী লীগের ভেতরেই ইসলামিক উগ্রবাদের সমর্থকেরা আছেন, যে কারণে মুক্তচিন্তার মানুষদের সুরক্ষা হচ্ছে না’।