প্রকাশকদের নিজস্ব সম্পাদক নেই
যে বই মননকে স্পর্শ করে, ঋদ্ধ করে, সেসব বই-ই ভালো। আজেবাজে প্রকাশনার ভিড়ে ভালো বই হারিয়ে যাচ্ছে। তা ছাড়া বেশির ভাগ প্রকাশনা সংস্থার নেই নিজস্ব সম্পাদক। সম্পাদনা ও পাণ্ডুলিপি যাচাই-বাছাইসহ মানসম্পন্ন লেখকদের বই প্রকাশে গুরুত্ব দেওয়া দরকার। বইয়ের মান উন্নয়নে সরকার, লেখক-প্রকাশকসহ সবাইকে উদ্যোগী হতে হবে।
গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের সভাকক্ষে আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা: প্রকাশনার মানোন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচনা থেকে ওপরের কথাগুলো উঠে এসেছে। বক্তারা বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা বাণিজ্য বা শিল্পমেলা নয়, এটা বাঙালি জাতির সর্বোত্কৃষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু প্রকাশনা ও লেখার মান উন্নত হচ্ছে না। একে কেন্দ্র করে বাংলাদেশের প্রকাশনার মানোন্নয়ন নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা দরকার।’
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। একুশে গ্রন্থমেলা ও বাংলাদেশের প্রকাশনার মানোন্নয়ন নিয়ে লিখিত ধারণাপত্র পাঠ করেন বদিউদ্দিন নাজির। আলোচনা করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক, ইমেরিটাস প্রকাশক মহিউদ্দিন আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চিত্রশিল্পী হাশেম খান, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সাংবাদিক অজয় দাশগুপ্ত, ছড়াকার লুত্ফর রহমান রিটন প্রমুখ।
স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘দেশের প্রকাশনার উন্নয়ন ও সীমাবদ্ধতা নিয়ে ভাবনা-বিনিময়ের চিন্তা থেকে এ বৈঠকের আয়োজন করেছি। আশা করি এর মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের পাশাপাশি সারা বছর প্রকাশনাশিল্পের সার্বিক উন্নয়নের রূপরেখা খুঁজে পাওয়া সম্ভব হবে।’
আনিসুজ্জামান বলেন, ‘আমাদের প্রকাশনাশিল্প অনেক দূর এগিয়েছে। একটু যত্নবান হলেই এর সীমাবদ্ধতাগুলো দূর করা সম্ভব।’
আহমদ রফিক বলেন, গুটিকয় প্রকাশক ছাড়া কেউই সম্পাদনা ও পাণ্ডুলিপি যাচাই-বাছাই করেন না। মহিউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের লেখার মান এক ধাপও এগোয়নি। পুস্তক প্রকাশনা চলচ্চিত্র প্রযোজনার মতোই। এখানে কপি এডিটিং গুরুত্বপূর্ণ বিষয়।’ বক্তারা মানসম্পন্ন বইয়ের প্রকাশনা এবং বিপণনব্যবস্থায় গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলা একাডেমির পাশাপাশি জাতীয় গ্রন্থকেন্দ্র, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার কথা বলেন।