প্রকাশকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশের সৃজনশীল প্রকাশকদের স্বল্প সুদে ব্যাংকঋণ দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক বইমেলা আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাসহ কয়েকজন প্রকাশক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে গভর্নর এ কথা বলেন। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রকাশকেরা বাংলাদেশের প্রায় ৩০ হাজার বইয়ের মুদ্রিত ক্যাটালগ ‘বাংলাদেশের সৃজনশীল বই ২০১৩’ গভর্নরের হাতে তুলে দেন।
এ সময় সমিতির বর্তমান সভাপতি ওসমান গনি ও নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ, মাজহারুল ইসলাম, আলমগীর রহমান, মেজবাহউদ্দিন আহমদ, ফরিদ আহমেদ, কামরুল হাসান শায়ক, খন্দকার মনিরুল ইসলাম, মনিরুল হক, সৈয়দ জাকির হোসাইন, আফজাল হোসেন, রেদওয়ানুর রহমান, অস্ট্রিক আর্যু প্রমুখ উপস্থিত ছিলেন।
সমিতির নেতারা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। আগামী ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর সমিতি আয়োজিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক বইমেলা ২০১৩’ আয়োজন এবং কলকাতায় ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ‘বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৩’ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়। বিজ্ঞপ্তি।