
কাল সারা দিনই ছিল প্রকাশকদের হাসিসুখ। প্রতিবছর পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের পরদিন হঠাৎ করে একটু ভাটা পড়ে। গতকাল শনিবার হয়েছে ব্যতিক্রম। সকাল থেকে রাত—দারুণ বিক্রি। এভাবে কেনাবেচা, পাঠক, দর্শক আর ক্রেতাদের অংশগ্রহণে ফাগুনের শুরুতে অমর একুশে গ্রন্থমেলা যেন পূর্ণ যৌবনে পা রেখেছে। ১৫তম দিনটি শেষ হয় অবশ্য বৃষ্টি দিয়ে। তবে রাতে অসময়ের বৃষ্টির দস্যিপনায় মেলার ছন্দপতন ঘটেনি।
সকাল থেকেই জমজমাট
এখন হয়তো কারও জানতে বাকি নেই যে মেলার এবারের বিন্যাসটা কিছুটা ভিন্ন। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবারের মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বসেছে। একাডেমি প্রাঙ্গণে রয়েছে সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর শিশু প্রকাশনা সংস্থা নিয়ে শিশু কর্নার। আর উদ্যানে রয়েছে শুধুই প্রকাশনা সংস্থা। মেলার শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, জমবে না একাডেমি প্রাঙ্গণের মেলা। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে এখন একাডেমি প্রাঙ্গণও দর্শনার্থী-পাঠকদের ভিড়ে বেশ জমজমাট। গতকাল সকালে ছিল শিশুপ্রহর। মেলার দ্বার খুলেছিল ১০টায়। সকালে ছিল অমর একুশে উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন।
সকালে মেলার একাডেমি প্রাঙ্গণের অংশ ঘুরে দেখা গেল, শিশু কর্নারটি শিশুদের কলকাকলিতে মুখর। বাংলা একাডেমির স্টলে সব বয়সীদের ভিড়ে বিক্রেতাদের ব্যস্ততা। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, ফিল্ম আর্কাইভ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থায়ও বেশ ভিড়। এসব স্টলের বেশির ভাগ বই প্রদর্শনের জন্য হলেও বেশ ভালো বিক্রি হয়েছে।
আগের দিন শুক্রবারের তুলনায় গতকাল শনিবার লোকসমাগম কিছুটা কম হলেও গতকাল বেশি বই বিক্রি হয়েছে বলে জানালেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ। তিনি বলেন, ‘আগের দিন উপস্থিতি বেশি থাকলেও মানুষ মূলত ছিল ঘুরে দেখায় ব্যস্ত। ভিড়ে কেনার সুযোগটাও কম ছিল। কিন্তু আজ (শনিবার) মেলায় প্রধানত ক্রেতার উপস্থিতিই বেশি বলে মনে হয়েছে আমার।’
মেলায় এসেছিলেন শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। শিশু-কিশোরদের আবদার মেটাতে সারাক্ষণ হাসিমুখে দিয়েছেন একের পর এক অটোগ্রাফ। ফিরে যাওয়ার সময়ও মেলার গেটে ঘিরে ধরেছিল শিশুরা। কাউকে বিমুখ করেননি তিনি।
কত বই!
প্রতিদিনই বের হচ্ছে ঝকঝকে নতুন বই। এই তালিকায় উপন্যাস কিংবা কবিতার বইয়ের সংখ্যা বেশি থাকলেও আত্মজীবনী, রাজনীতি কিংবা অর্থনীতির ওপর লেখা বইয়ের সংখ্যা নেহাত কম নয়। বিদেশি বইয়ের অনুবাদ আসছে গুরুত্বের সঙ্গে। নতুন করে ফিরে আসছে হারিয়ে যাওয়া গত যুগের বহু বই। এসব বইয়ের চাহিদাও কম নয়। প্রথমা প্রকাশন মেলায় এনেছে এ টি এম শামসুল হুদার ফিরে দেখা জীবন, রকিব হাসানের গোয়েন্দা কিশোর-মুসা-রবিন অর্গান পাইপ রহস্য, ননী ভৌমিক অনূদিত ইউ. ইয়াকভলেভ-এর রূপের ডালি খেলাসহ বেশ কয়েকটি বই। এর মধ্যে ফিরে দেখা জীবন বইয়ে লেখক তাঁর স্কুলজীবন থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় পর্যন্ত কিছু সত্য ঘটনা গল্পচ্ছলে উপস্থাপন করেছেন। অন্যপ্রকাশ গতকাল এনেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের মানবিক ব্যাংকিং বইটি। বিকেলে বইটির প্রকাশনা উৎসব হয় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে।
মেলার নজরুল মঞ্চে গতকাল উন্মোচিত হয়েছে ১৭টি নতুন বইয়ের মোড়ক। বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন ভাষাসংগ্রামী আবদুল মতিন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কবি আসাদ চৌধুরী, লেখক ও সাংবাদিক আনিসুল হক প্রমুখ।
বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মেলার ১৫তম দিনে নতুন বই এসেছে ১২৬টি। এর মধ্যে অ্যাডর্ন পাবলিকেশন এনেছে মোস্তাক শরীফের অয়নান্ত সূর্যের দিন, শুভাশিস সিনহার ইঞ্জিন, ইত্যাদি প্রকাশ এনেছে রাজীব সরকারের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শুদ্ধস্বর এনেছে তুষার কবিরের রক্তকোরকের ওম, ঐতিহ্য এনেছে আনিফ রুবেদের মন ও শরীরের গন্ধ ইত্যাদি।
মেলা মঞ্চের আয়োজন
বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘লালন শাহ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে লালন শাহের ‘দেহতত্ত্ব’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিশিষ্ট লালন গবেষক শক্তিনাথ ঝা। আলোচনায় অংশ নেন শফি আহমেদ, আবদুল ওয়াহাব, অসীমানন্দ গঙ্গোপাধ্যায় ও রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভেন্দু মাইতির গান। এ ছাড়া সংগীত পরিবেশন করে ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’।