স্টলের মাপ নির্ধারণ, উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশক সমিতির প্রতিনিধিত্ব, স্টল বিন্যাস, পাইরেটেড বই বিক্রি বন্ধসহ বাংলা একাডেমিকে ২২টি প্রস্তাব দিয়েছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। একুশে গ্রন্থমেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ওসমান গণি, নির্বাহী পরিচালক কামরুল হাসান, প্রকাশক মাজহারুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে ওসমান গনি বলেন, ‘প্রতিটি স্টলের আকৃতি অবশ্যই ৮ ফুট বাই ৮ ফুট হওয়া যুক্তিযুক্ত। গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশক প্রতিনিধির বক্তব্য রাখার সুযোগ থাকা অপরিহার্য। তিনি আরও বলেন, একাডেমিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছে গ্রন্থমেলায় পাইরেসি বই বিক্রি করতে একাডেমিতে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাইরেটেড ও নোট বই বিক্রিসহ বারোয়ারি মেলা দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত যেন না হয়। দর্শনার্থী ও পাঠকদের যাতায়াতের সুবিধার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের কাছে একটি এবং টিএসসি এবং বাংলা একাডেমির উল্টোদিকে একটি করে মোট তিনটি গেট থাকা প্রয়োজন। বাংলা একাডেমিকে দেওয়া এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একাডেমি কোনো উদ্যোগ নিয়েছে কি না—এ বিষয়ে ওসমান গণি বলেন, ‘আমরা যে প্রস্তাব দিয়েছি তা আপনাদের অবহিত করাই মূল উদ্দেশ্য। সেই সঙ্গে আশা রাখছি, মেলার সৌন্দর্য রক্ষার জন্য একাডেমি এগিয়ে আসবে এবং যথাযথ ভূমিকা পালন করবে।’